
বিরাট কোহলি সমস্যায়
শেষ আপডেট: 26 May 2024 16:40
দা ওয়াল ব্যুরো: ভিসা সমস্যার কারণে বিরাট কোহলি দলের বাকিদের সঙ্গে টি ২০ বিশ্বকাপে খেলতে যেতে পারলেন না। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল শনিবার রাতে ভারত ছাড়লেও সেই দলে দেখা যায়নি বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়াকে।
কেন এই দুই তারকা দলের সঙ্গে নেই, সেই নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। ভারতীয় বোর্ড সূত্রে জানানো হয়, কোহলির ভিসা সমস্যা রয়েছে। তাঁর ভিসার কাগজপত্র ঠিক নেই, সেটি নিয়ে যাওয়া যাবে না আমেরিকা। আগামী ৩০ মে মিটে গেলে তিনি আমেরিকায় দলের সঙ্গে যোগ দিতে পারবেন। হার্দিক আইপিএল অভিযান শেষ করে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছেন। এমনিতেই তাঁর বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। লন্ডনে তিনি একাই রয়েছেন সেটিও জানা গিয়েছে। হার্দিক লন্ডন থেকে সরাসরি আমেরিকায় দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে বোর্ড।
হার্দিক ও কোহলি আগামী ১ জুন বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন কিনা সেটি প্রবল অনিশ্চিত।
কোহলি ও হার্দিক ছাড়াও যশস্বী জয়সোয়াল, সঞ্জু শ্যামসন এবং যজুবেন্দ্র চাহালও দলের সঙ্গে যেতে পারেননি। এই তিনজন মঙ্গলবার রওনা দেবেন। তাঁদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে সমস্যা হবে না।
ভারত বিশ্বকাপে ৪ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। ৯ জুন নিউইয়র্কে খেলবে পাকিস্থানের বিরুদ্ধে। ওই ম্যাচ ঘিরে সাজো সাজো রব পড়ে গিয়েছে আমেরিকায়। টিকিটের কালোবাজারি শুরু হয়ে গিয়েছে।