
শেষ আপডেট: 10 January 2024 17:57
দ্য ওয়াল ব্যুরো: মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে ঘরের মাঠে এবার রোহিত শর্মার দল খেলতে নামবে আফগানদের বিপক্ষে। এই সিরিজের প্রথম ম্যাচ কালই বৃহস্পতিবার।
ওই ম্যাচে কোহলিকে পাওয়া যাবে না, এই খবর এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলে দিয়েছেন, বিরাটকে আমরা প্রথম ম্যাচে পাব না। তবে ইন্দোরে পরের ম্যাচে ও খেলবে। কেন কী কারণে কোহলি সরলেন, সেই প্রসঙ্গে দলের হেডস্যার বলেছেন, বিরাটের ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে। তাই ও খেলতে পারবে না, আমাদের জানিয়েছে।
জানা গিয়েছে, কোহলি এই মুহূর্তে আলিবাগে রয়েছেন তাঁর বিলাসবহুল বাংলোতে। ওই বাড়িতে খুব দ্রুত গৃহপ্রবেশ হবে, সেই কারণে অনুষ্ঠানের জন্য তিনি ছুটি নিতে পারেন।
Virat Kohli's holiday home tour in Alibaug. pic.twitter.com/Kj8IrgPL14
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 10, 2024
এমনিতেই প্রায় দেড়বছর পরে কোহলিকে টি ২০ ভারতীয় দলে নেওয়া হয়েছে। জুন মাসেই টি ২০ বিশ্বকাপ রয়েছে। ওই লক্ষ্যেই কোহলিকে রেখে দলের শক্তি বাড়ানোর চেষ্টায় রয়েছেন নির্বাচকরা। টি ২০ দলে রাখা হয়নি ঈশান কিষান ও শ্রেয়স আইয়ারকেও। তাঁদের বাদ দেওয়া হয়েছে শৃঙ্খলাজনিত কারণে। দলকে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মাই।