1.jpg)
টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি
শেষ আপডেট: 23 February 2025 09:26
দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যে মহাযুদ্ধের জন্য প্রস্তুত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া। তবে পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচের গুরুত্ব বিচার করে একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। শনিবার (২২ ফেব্রুয়ারি) নির্ধারিত সময়ের থেকে আরও তিনঘণ্টা বেশি অনুশীলন করলেন তিনি। আর নেটে অনুশীলন করার সময় সংযুক্ত আরব আমিরশাহীর সেরা বোলারদের ডেকে নেন তিনি।
এই একটা সিদ্ধান্তই দেখিয়ে দেয় যে আন্তর্জাতিক ক্রিকেটে অন্যদের তুলনায় বিরাট কোহলি কেন এতটা বেশি সফল। সেইসঙ্গে এটাও প্রমাণ করে যে পাকিস্তান ম্যাচের আগে তিনি নিজের ব্যাটিংয়ে যাবতীয় ত্রুটি মেরামত করতে চান। স্থানীয় বোলারদের নিয়ে অনুশীলন করার সময় বিরাট নিজের ব্যাটিং টেকনিক এবং টাইমিংয়ের উপর সবথেকে বেশি জোর দিলেন।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কোহলির একাগ্র অনুশীলন থেকে একটা বিষয় স্পষ্ট যে পাকিস্তান ম্যাচেই তিনি বড়সড় ধামাকা করার জন্য় মুখিয়ে রয়েছেন। তবে সেই ধামাকা দেখার জন্য ভারতীয় ক্রিকেট সমর্থকদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। গত কয়েকটি ম্যাচে বিরাটের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। আশা করা যায়, রবিবাসরীয় ম্যাচেই তিনি যাবতীয় প্রশ্নের জবাব দেবেন।
বিরাট কোহলির এভাবেই নিজেকে পাকিস্তান ম্যাচের জন্য প্রস্তুত করেছেন। আপনারা সকলেই জানেন যে ওয়ানডে ফরম্যাট কিং কোহলির কতটা পছন্দের। আর পাকিস্তানের বিরুদ্ধে খেলতেও ভালবাসেন তিনি। এখনও পর্যন্ত বিরাট পাকিস্তানের বিরুদ্ধে ১৬ ওয়ানডে ম্যাচে মোট ৬৭৮ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ৫২.১৫। ইতিমধ্যে বিরাটের ব্যাট থেকে তিনটে সেঞ্চুরি এবং জোড়া ফিফটি বেরিয়ে এসেছে। এরমধ্যে তিনি সর্বাধিক ১৮৩ রান করেছেন।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। এখানে টিম ইন্ডিয়া মোট ৭ ম্যাচ খেলেছে। এরমধ্যে সাতটাই ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। এই মাঠে ভারত এবং পাকিস্তানের মধ্যে মোট ২ ম্যাচের আয়োজন করা হয়েছে। দুটোতেই পাকিস্তান লজ্জার হার স্বীকার করেছে।