.jpg)
টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি
শেষ আপডেট: 11 February 2025 14:01
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া আপাতত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে। এই সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি বিরাট কোহলি। হাঁটুর চোটের কারণে তাঁকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছিল। তাঁর অনুপস্থিতিতেও ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কামব্যাক করেন বিরাট কোহলি। কিন্তু, তাঁর ব্যাটে খুব বেশি রান দেখতে পাওয়া যায়নি। মাত্র ৫ রান করে তিনি আউট হয়ে যান। আগামী ১২ ফেব্রুয়ারি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই সিরিজের তৃতীয় ম্যাচ আয়োজন করা হবে। আশঙ্কা করা হচ্ছে, এই ম্যাচে কিং কোহলিকে হয়ত রিজার্ভ বেঞ্চে বসতে হবে।
তৃতীয় একদিনের ম্যাচে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হতে পারে। ম্যানেজমেন্ট বিরাটের পাশাপাশি অন্য ক্রিকেটারদেরও বিশ্রাম দেওয়ার কথা চিন্তাভাবনা করছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে চলেছে। আর ভারতীয় ক্রিকেট দল এই টুর্নামেন্টে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অভিযান শুরু করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে ভারতীয় টিম ম্যানেডমেন্ট ইংল্যান্ডের বিরুদ্ধে এই তৃতীয় ওয়ানডে ম্যাচে নিজেদের বেঞ্চ স্ট্রেংথ পরখ করতে চাইবে। এই পরিস্থিতিতে বিরাট কোহলির পাশাপাশি অন্য ক্রিকেটারদেরও বিশ্রাম দেওয়া হতে পারে। যদিও ম্যানেজমেন্ট যাবতীয় সিদ্ধান্ত বিরাটের উপরেই ছেড়ে দিয়েছে।
তবে ভারতীয় ক্রিকেট দলের কাছে এমন সিদ্ধান্ত একেবারেই নতুন নয়। এর আগেও কোনও সিরিজ জেতার পর বাকি ম্যাচগুলোয় দলের নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। তবে বুধবারের ম্যাচে এমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয় কি না, সেটাই আপাতত দেখার।
দ্বিতীয় একদিনের ম্যাচে রোহিত শর্মা দুর্দান্ত সেঞ্চুরি করার পাশাপাশি আবারও রানের ছন্দে ফিরে এসেছেন। এই পরিস্থিতিতে তৃতীয় একদিনের ম্যাচে কোহলির পাশাপাশি রোহিত শর্মাও বিশ্রাম গ্রহণ করতে পারেন। আশা করা হচ্ছে, রোহিতের জায়গায় সুযোগ দেওয়া হতে পারে যশস্বী জয়সওয়ালকে। এই সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডে ক্রিকেটে ডেবিউ করেছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু, ব্যাট হাতে সেভাবে নজর কাড়তে পারেননি। যদি তৃতীয় ম্যাচে যশস্বী ফের সুযোগ পান, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেকে প্রমাণ করার একটা সুবর্ণ সুযোগ পাবেন।
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং।