1.jpg)
নতুন এক রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে বিরাট কোহলি
শেষ আপডেট: 19 February 2025 22:14
দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে শুরুটা ধামাকাদার করতে চায়। পাশাপাশি এই ম্যাচে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির কাছে ইতিহাস রচনার একটু সুবর্ণ সুযোগ রয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলির রেকর্ড যথেষ্ট ভাল। এখনও পর্যন্ত তিনি টাইগারবাহিনীর বিরুদ্ধে ১৬ ম্যাচ খেলেছেন। এরমধ্যে ৭৫.৮৩ ব্যাটিং গড় এবং ১০১.৭৮ স্ট্রাইক রেটে ৯১০ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে পাঁচটি শতরান বেরিয়ে এসেছে। পাশাপাশি করেছেন তিনটে হাফসেঞ্চুরিও। এই পরিস্থিতিতে বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে যদি আরও ৯০ রান করতে পারে, তাহলে একদিনের ফরম্যাটে তিনি হাজার রানের চৌকাঠ স্পর্শ করতে পারবেন। এই তালিকায় বিরাটের ঠিক পরেই নাম রয়েছে রোহিত শর্মা। তিনি ১৭ ওয়ানডে ইনিংসে ৭৮৬ রান করেছেন।
বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে ফরম্যাটে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে জিম্বাবোয়ের প্রাক্তন ব্যাটার ব্রেন্ডন টেলরের ঝুলিতে। তিনি ৫৬ ম্যাচের ৫৫ ইনিংসে ১,৫০৮ রান করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার কুমার সঙ্গকারা (১,২০৬ রান)। এরপর তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে নাম রয়েছে জিম্বাবোয়ের এল্টন চিগুম্বুরা () এবং হ্যামিলটন মাসাকাদজার (১,১৮৯ রান)। পঞ্চম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার আরও এক প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্যের (১,০৩০ রান)।
টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ স্কোয়াড: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
পরিবর্ত ক্রিকেটার: যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে। তবে যদি না দরকার পড়ে, তাহলে এই তিন ক্রিকেটার দুবাই যাবেন না।