
শেষ আপডেট: 16 September 2021 13:02
এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্বের দায়িত্বে থেকেছি। নিজেকে তার জন্য ধন্য মনে করি। আমার এই জার্নিতে যাঁরা আমার পাশে থেকেছেন, আমায় সাপোর্ট করেছেন তাঁদের সকলকে আমার ধন্যবাদ। দলের বাকিদের ছাড়া আমি কিছুই করতে পারতাম না।
গত ৮ থেকে ৯ বছর ধরে কোহলির উপর অনেক চাপ পড়ছে, জানিয়েছেন অধিনায়ক নিজেই। তাঁর কথায়, ক্রিকেটের তিন ফর্ম্যাটেই আমি দলকে নেতৃত্ব দিয়েছি, এবার আমার মনে হয় একদিনের খেলায় নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে আরও বেশি করে তৈরি করা প্রয়োজন। তবে টি-টোয়েন্টি দলের সদস্য হিসেবে আমি আমার ১০০ শতাংশ দেবো।
দুবাইয়ে অক্টোবরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত। তারপর থেকে কুড়ি ওভারের খেলায় বিরাটের হাতে আর অধিনায়কত্ব থাকছে না। বিরাট জানিয়েছেন এই সিদ্ধান্ত নেওয়ার আগে দলের বাকি সদস্য, কাছের মানুষ-জন, রবি শাস্ত্রী এমনকি রোহিত শর্মার সঙ্গেও আলোচনা করেছেন তিনি। কথা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় আর জয় শাহের সঙ্গে।
বছর খানেক আগে সমস্ত ফর্ম্যাটের ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বছর ঘুরতে না ঘুরতে কোহলির এই সিদ্ধান্তও জানিয়ে দিচ্ছে ভারতীয় ক্রিকেটে পাতা ঝরার মরশুম শুরু হয়ে গেছে। কোহলি অবশ্য শুধু টি-টোয়েন্টির কথা বললেন আজ। তবে কানাঘুষো শোনা যাচ্ছে আগামী দিনে পঞ্চাশ ওভারের খেলাতেও নেতৃত্বে থাকবেন না তিনি। অধিনায়কত্ব পেতে পারেন রোহিত শর্মা।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'