
বচসায় জড়ালেন বিরাট
শেষ আপডেট: 19 December 2024 15:22
দ্য ওয়াল ব্যুরো: ফর্ম ভাল যাচ্ছে না। তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজেও দল নড়বড়ে জায়গায়। এই পরিস্থিতির মধ্যে মেজাজ হারালেন বিরাট কোহলি। সাংবাদিকদের সঙ্গে কার্যত বচসায় জড়ালেন তিনি।
'বক্সিং ডে' টেস্ট ম্যাচের আগে মেলবোর্ন পৌঁছেছেন বিরাট। বিমানবন্দরের বাইরে বেরনোর কিছু পরেই কয়েকজনের সঙ্গে তর্কে জড়ান তিনি। এর কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, সাংবাদিকদের কয়েকজন তাঁর ছবি তুলছিলেন। সেই কারণে রেগে যান বিরাট। কিন্তু হঠাৎ ছবি তোলা নিয়ে কেন রাগ করলেন তিনি?
বিরাট নিজের পরিবারকে আড়ালে রাখতেই ভালবাসেন। সন্তানের খুব-বেশি প্রকাশ্যে আনতে চান না। জানা গেছে, বিমানবন্দরের বাইরে পরিবারের সঙ্গে যখন তিনি ছিলেন সেই সময়েই লুকিয়ে ছবি তুলছিলেন কয়েকজন অস্ট্রেলীয় সাংবাদিক। তাতেই মেজাজ হারান কোহলি। তাঁদের একজনের কাছে গিয়ে বলেন, ''না বলে এইভাবে লুকিয়ে ছবি তুলছেন কেন? আমি আমার সন্তানদের সঙ্গে গোপনে সময় কাটাতেই ভালবাসি। আপনি আমাকে না জানিয়ে ছবি তুলতে পারেন না।''
এদিকে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, পরিবার বা সন্তানদের সঙ্গে বিরাট কোহলির কোনও ছবি তোলা হচ্ছিল না। একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সঙ্গে সঙ্গে কথা বলে তা মিটমাটও করে নেওয়া হয়েছে। যে সাংবাদিক এবং ক্যামেরাপার্সন ঘটনাস্থলে ছিলেন, তাঁরাও জানিয়েছেন লুকিয়ে কারও ছবি তোলা হচ্ছিল না।