
বিমানবন্দরে এক মহিলাকে আলিঙ্গন করলেন বিরাট কোহলি
শেষ আপডেট: 11 February 2025 18:48
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি আচমকা সংবাদ শিরোনামে উঠে এসেছেন। তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে বিমানবন্দরের লাউঞ্জে এক মহিলাকে জড়িয়ে ধরেন তিনি। প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে আপাতত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে ভারত ইতিমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের শেষ ম্যাচটা যে নেহাতই সম্মানরক্ষার, সেটা বলার অপেক্ষা রাখে না।
সিরিজের শেষ ম্যাচে খেলতে নামার আগে অহমেদাবাদ বিমানবন্দরে বিরাট কোহলিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এখানেই টিম ইন্ডিয়া সিরিজের শেষ ম্যাচটা খেলতে নামবে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলাকে আলিঙ্গন করছেন বিরাট কোহলি। শোনা যাচ্ছে, ওই মহিলা নাকি কিং কোহলির আত্মীয়।
ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, সমর্থকদের প্রবল চিৎকারের মধ্যেই বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন বিরাট কোহলি। তিনি ভিড়ের দিকে পা বাড়াতেই আচমকা এক আত্মীয়কে দেখতে পান। সঙ্গে সঙ্গে সেইদিকে তিনি এগিয়ে যান। এরপর আলিঙ্গন করেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে।
A fan hugged Virat Kohli at the airport! ❤️pic.twitter.com/qiubSMGHM6
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 10, 2025
তবে একদিনের ক্রিকেটে বিরাট কোহলির কামব্যাক এখনও পর্যন্ত নজর কাড়তে পারেনি। প্রায় ৬ মাস পর ৫০ ওভারের ক্রিকেটে তিনি প্রত্যাবর্তন করেন। কিন্তু, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে তিনি খুব বেশি রান করতে পারেননি। হাঁটুতে চোটের কারণে নাগপুরে আয়োজিত প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে পারেননি বিরাট। কিন্তু, দ্বিতীয় ম্যাচে তিনি ৮ বল খেলে মাত্র ৫ রান করেন। আদিল রশিদের বলে শেষপর্যন্ত প্রথম স্লিপে ক্যাচ তুলে তিনি আউট হয়ে যান। আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে দশমবার আদিল রশিদের শিকার হলেন কিং কোহলি।
২০২৪ সাল থেকেই একদিনের ক্রিকেটে বিরাটের ব্যাটে রানের খরা অব্যাহত। গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচে তিনি মাত্র ৫৮ রান করেছিলেন। আর সেইসঙ্গে ১৯৯৭ সালের পর প্রথমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনও সিরিজ হারল টিম ইন্ডিয়া। টেস্ট ক্রিকেটেও বিরাটকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে। গত ১১ ম্যাচে তিনি মোট ৪৪০ রান করেছেন। ব্যাটিং গড় ২৩.১৫। এরমধ্যে একটি শতরান এবং একটি হাফসেঞ্চুরি রয়েছে।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট কোহলির রানে ফেরা অত্যন্ত আবশ্যক। আগামী ১২ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচে বিরাটের ব্যাট থেকে বড় রানের অপেক্ষায় বসে রয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা।