
শেষ আপডেট: 2 November 2023 15:38
দ্য ওয়াল ব্যুরো: শচীন তেন্ডুলকারের শহরে তাঁরই রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। শুধু তাই নয়, তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে চলতি বছরে ওয়ান ডে-তে হাজার রান করার রেকর্ড গড়লেন তিনি। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমে এক বছরে ১০০০ আন্তর্জাতিক রান করে ফেললেন।
বিরাট ছাড়াও এই বছর এই নজির গড়েছেন রোহিত শর্মা ও শুভমন। ২০২৩ সালে ২৩ তম ওয়ান ডে ম্যাচ খেলে বিরাট ১০০০ রানের গণ্ডি পেরোলেন। রোহিত, শুভমন, বিরাট ছাড়াও এই নজির আছে শ্রীলঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কার।
বিরাট এদিন আরও একটি রেকর্ড গড়লেন। মাস্টার ব্লাস্টার্স শচীনের অলটাইম রেকর্ড ভেঙে দিলেন কোহলি। এই নিয়ে ৮টি ক্যালেন্ডার বছরে বিরাট ১০০০ রান করেছেন। এর আগে ছিলেন একমাত্র শচীনই। যিনি সাতটি ক্যালেন্ডার বছরে হাজার রান করার নজির ছিল। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে সেই রেকর্ড ভেঙে দিলেন বিরাট।
চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে আছেন বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে লখনউর ম্যাচ বাদ দিয়ে প্রায় প্রতি ম্যাচেই রান পেয়েছেন তিনি। একটি সেঞ্চুরিও আছে তাঁর নামের পাশে। এদিনের ম্যাচে রোহিত শর্মা ব্যর্থ হন। প্রথম ওভারেই আউট হয়ে যান ভারতীয় অধিনায়ক। তিনি আউট হতেই নামেন বিরাট। শুভমনকে সঙ্গে নিয়ে রানের গতি বাড়ান তিনি। এই ম্যাচেও অর্ধশতরান করলেন বিরাট।
এই ম্যাচে যদি বিরাট সেঞ্চুরি পেয়ে যান, তবে শচীনের আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি। একদিনের ক্রিকেট ম্যাচে ৪৯টি সেঞ্চুরি আছে শচীনের। বিরাটের নামের পাশে আছে ৪৮টি সেঞ্চুরি। শচীনকে ছুঁতে বিরাটের প্রয়োজন মাত্র আর একটি শতরান। ওয়াংখেড়েতেই কোহলির সেই রেকর্ড হয় কিনা এখন সেটাই দেখার।