দ্য ওয়াল ব্যুরো: বিনোদ কুমারের জীবনটা খুবই কষ্টের। তিনি একটা সময় বিএসএফের জওয়ান ছিলেন। পাহাড়ে উঠে নামতে গিয়ে পড়ে গিয়েছিলেন, দুটি পা-ই অকেজো হয়ে গিয়েছিল, ভেঙে যায় পাঁজর। শয্যাশায়ী ছিলেন বছর চারেক। অদম্য ইচ্ছেশক্তিতে তিনি ফেরেন মাঠে, ডিসকাসই তাঁর প্রেম।
নিজের ওই কঠিন সময় বাবা-মা দু’জনকেই হারিয়েছিলেন। সবদিক থেকে বিনোদ কুমার হয়ে যায় অসহায়। সেই মানুষটি যখন টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ পদক জিতলেন, সবাই খুশিতে ফেটে পড়েছিল। কিন্তু ডিসকাসে পদক পাওয়ার পরে বিপক্ষের এক অ্যাথলিট অভিযোগ জানিয়েছেন, বিনোদের যে শারীরিক সমস্যা থাকার কথা, সেটি এই ইভেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই তাঁর পদক কেড়ে নেওয়া উচিত।
বিশ্ব প্যারালিম্পিক কমিটি খতিয়ে দেখে সোমবার সিদ্ধান্ত জানাবে। ততক্ষণ পর্যন্ত বিনোদের নামের পাশে যে ব্রোঞ্জ পদক লেখা হয়েছিল, তা লেখা যাবে না। এই ঘটনায় ভারতীয় কর্তারা খুবই ক্ষুব্ধ। কর্তা গুরশরন সিংহ বলেন, ‘‘আমরা শুনেছি প্রতিপক্ষ দেশের বিরধিতার কারণে বিনোদের ব্রোঞ্জ জয় আটকে গিয়েছে। তবে প্যারালিম্পিক্স শুরু হওয়ার আগেই ওর পরীক্ষা হয়েছে। ফলে এই ধরনের বিভ্রান্তির কোনও কারণ আছে বলে আমার মনে হয় না।’’
হরিয়ানার ৪২ বছর বয়সী এই অভিজ্ঞ ডিসকাস থ্রোয়ার এদিন ১৯.৯১ মিটার ছুঁড়ে এশিয়ান রেকর্ডসহ তৃতীয় হয়েছেন। যদিও তারপরেই বিপক্ষ অ্যাথলিট বলেছেন, ডিসকাসের এফ ৫২ ইভেন্টে ব্রোঞ্জ পদক পেলেও তা নিয়ম বহির্ভূতভাবে পেয়েছেন। কারণ এই ইভেন্টে যে শারীরিক অক্ষমতা থাকতে হয়, তার থেকে ভাল অবস্থায় ইভেন্টে নেমেছিলেন বিনোদ।