
বিনোদ কাম্বলি
শেষ আপডেট: 31 December 2024 17:50
দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখনও তিনি বাড়ি ফিরতে পারেননি। মাঝে তাঁর শরীর আরও খারাপ হওয়ায় উদ্বেগ বাড়ে। তবে সম্প্রতি তাঁর যে ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে স্বস্তি পাবেন সকলে। হাসপাতালের ভিতরই হিন্দি গানের তালে নাচচেন তিনি।
মুম্বইয়ের ঠানের আকৃতি হাসপাতালে ভর্তি রয়েছেন বিনোদ কাম্বলি। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। স্বাভাবিকভাবে এখনও বেশ কয়েকদিন তাঁকে হাসপাতালে ভর্তি থাকতেই হবে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর। যে নাচের ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে তাঁকে অনেকটাই সুস্থ মনে হচ্ছে।
শাহরুখ খানের ছবি 'চক দে ইন্ডিয়া' ছবির টাইটেল সং-এ নাচতে দেখা গেছে বিনোদ কাম্বলিকে। তাঁর সঙ্গে রয়েছেন হাসপাতালের আরও দুই কর্মী। হাসপাতালের অন্যান্য রোগী, স্টাফ সকলেই কাম্বলিকে সুস্থ দেখে খুশি হয়েছেন। তাঁরা আশা করছেন, খুব তাড়াতাড়ি তিনি বাড়ি ফিরতে পারবেন।
হাসপাতালেই ‘চাক দে ইন্ডিয়া’ গানে পা মেলালেন কাম্বলি #kambli #sportsnews #thewallnews pic.twitter.com/HutElrBs4H
— The Wall (@TheWallTweets) December 31, 2024
বিনোদ কাম্বলি হাসপাতালের চিকিৎসকদের প্রতি নিজের কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মেডিক্যাল স্টাফদের আমি ধন্যবাদ জানাতে চাই। আমার চিকিৎসায় কোনও খামতি রাখা হচ্ছে না। যথেষ্ট ভাল দেখভাল করা হচ্ছে।
হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কাম্বলির যাবতীয় চিকিৎসা একেবারে বিনামূল্যে করা হবে। সেইসঙ্গে তিনি এও আশ্বাস দিয়েছেন যে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ব্যাটার সারা জীবন বিনামূল্যে এই হাসপাতালে চিকিৎসা করাতে পারেন। এই আশ্বাস কাম্বলিকে অনেকটাই মানসিক শক্তি দিয়েছে।