
রিয়ালের হয়ে গোলের পরে উচ্ছ্বাস ভিনিসিয়াসের।
শেষ আপডেট: 1 May 2024 17:04
দ্য ওয়াল ব্যুরো: ম্যাচে দারুণ শুরুটা করেছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, শেষটাও করলেন ওই ব্রাজিলীয়। জোড়া গোল করলেও বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে জিততে পারল না রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বের রুদ্ধশ্বাস ম্যাচটি শেষ হল ২-২ গোলে।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে জয় ছাড়া অন্য কোনও কিছু চিন্তাই করেনি বায়ার্ন। ম্যাচে শুরু থেকেই দাপট রেখে খেলেছে জার্মান ক্লাবটি। আক্রমণাত্মক খেলতে থাকলেও পালটা চাল দিয়েছিলেন রিয়াল কোচ। তিনিও সমান তালে নিজেদের বক্সে বেশি পাস খেলে নিজেদের প্রভাব কায়েম রাখার চেষ্টা করে গিয়েছেন। সেই কাজে যে সফল, সেটি বোঝা যায় ভিনিসিয়াসের জোড়া গোলে।
ম্যাচের শুরুতে রক্ষণাত্মক ছিল রিয়াল। তারপর ম্যাচ যত গড়িয়েছে, তারাও আক্রমণে গিয়েছে। খেলার ২৪ মিনিটে ভিনিসিয়াস গোল করে রিয়ালকে এগিয়ে দেন। বায়ার্নের ডিফেন্ডারদের বোকা বানিয়ে টনি ক্রুসের পাস ধরে আসল কাজটি করেন ব্রাজিলীয় তারকা।
বিরতির আগে পর্যন্ত আরও একটি পরিকল্পিত আক্রমণ করেছিল রিয়াল। ম্যাচের ৫১ মিনিটে আরও একটি দারুণ গোলচেষ্টা চালান ক্রুস। তাঁর বাঁকানো শটটি অবশ্য রুখে দিয়েছেন বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। সেইসময় বায়ার্নের দর্শকরা চিন্তায় পড়ে গিয়েছিলেন। তাঁরা ভাবছিলেন ঘরের মাঠে হারতে না হয় রিয়ালের কাছে।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে সমর্থকদের মুখে হাসি ফোটাতে দেরি করেনি বায়ার্ন। ৫৩ মিনিটে একার চেষ্টায় রিয়ালের জালে বল পাঠান ল্যারয় সানে। এতে ১-১ গোলে সমতায় ফেরে বায়ার্ন।
এর মাত্র ৪ মিনিট আরও আক্রমণ নিয়ে বায়ার্ন। এইসময় গোল এরিয়ায় বায়ার্নের জামাল মুসায়লাকে ফাউল করেন রিয়ালের লুকাস ভ্যাসকুয়েজ। ফলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে হ্যারি কেন গোল করে ম্যাচের ফল ২-২ করেছেন।
সবাই যখন ভাবতে শুরু করেছিলেন প্রথম গেলে বায়ার্ন ২-১ গোলে জিতে যাবে, সেইসময় রিয়ালের পক্ষে গোল করেন ভিনিসিয়াসই। তিনি ম্যাচের ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালের পক্ষে সমতা ফেরান। এবার রিয়ালের মাঠে দুটি দল ফের শূন্য থেকে শুরু করে ফাইনালের লড়াইয়ে নামবে।