
ভিনেশ ফোগট
শেষ আপডেট: 10 April 2025 18:54
দ্য ওয়াল ব্যুরো: আর্থিক উপহার না সরকারি চাকরি? অলিম্পিক্সে কুস্তির ফাইনালে উঠেও পদক হারানো ভিনেশ ফোগট জানিয়ে দিলেন তাঁর সিদ্ধান্ত। হরিয়ানা সরকারকে পাঠানো চিঠিতে ভিনেশ লিখেছেন, ক্যাশ প্রাইজ ও জমির প্লটই বেছে নিতে চান তিনি।
এর আগে সরকারি তরফে অপশন দেওয়া হয়: একদিকে গ্রুপ-এ-র সরকারি চাকরি। অন্যদিকে হরিয়ানা শহরি বিকাশ প্রাধিকরণের অধীনে থাকা জমির প্লট। এই দুইয়ের মধ্যে যে কোনও একটা বেছে নেওয়ার সুযোগ ছিল ভিনেশ ফোগটের। তিনি দ্বিতীয়টি বেছে নিয়েছেন। আজ হরিয়ানা সরকারের মিডিয়া পরামর্শদাতার তরফে একথা জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি ভিনেশকে রাজ্য সরকারের নীতি মোতাবেক ফোগটকে পুরস্কৃত করার আশ্বাস দেন। অলিম্পিক্সে খেতাবজয়ী অ্যাথলিটকে হয় চাকরি, নয় আর্থিক পুরস্কার দিয়ে থাকে হরিয়ানা প্রশাসন৷ প্যারিস অলিম্পিক্সে ৫০ কেজি বিভাগে ফাইনালে উঠেও ১০০ ওজন বেশি থাকার কারণে বাতিল করে দেওয়া হয় ভিনেশকে। খেতাব পাননি তিনি। তা সত্ত্বেও উপহারের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
যদিও সময় গড়ালেও এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। ততদিনে কুস্তির ম্যাট থেকে অবসর নিয়ে রাজনীতির আঙিনায় নেমে পড়েছেন ফোগট৷ নির্বাচনে জিতে বিধায়কও হয়েছেন। তারপর রাজ্যের বাজেট অধিবেশনে অংশ নিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাসের বিষয়টি তুলে ধরেন। বলেন, ‘এটা টাকা নয়, সম্মানের বিষয়।’