
শেষ আপডেট: 20 April 2024 18:24
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় দেশে যখন বিদ্রোহী কুস্তিগিরদের নিয়ে অহরহ আলোচনা হচ্ছে, সেইসময় শিরোনামে চলে এসেছিলেন ভিনেশ ফোগত। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানি সরব হয়েছিলেন ভিনেশ, সাক্ষী, বজরং পুনিয়ারা।
অনেকেই ওই বিদ্রোহের কারণে দীর্ঘদিন প্রস্তুতি সারতে পারেননি। দিনের পর দিন ধর্নায় বসেছিলেন যন্তরমন্তরে। সেই বিদ্রোহে যিনি প্রধান মুখ ছিলেন, সেই ভিনেশ শনিবার প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র পেলেন। কিরঘিজস্তানের এশীয় অলিম্পিক্স যোগ্যতামান পর্বে ভিনেশ হারিয়েছেন কাজাখস্তানের লরা কানিগাজির বিরুদ্ধে। ফল ১০-০। মাত্র সোয়া চার মিনিটের মধ্যে লড়াই শেষ করে দিয়েছেন ভিনেশ। তিনি এবার উজবেকিস্তানের প্রতিযোগীর বিরুদ্ধে পদক জয়ের জন্য লড়াই করবেন।
কুস্তি কাণ্ডে বজরংরা এতটাই জড়িয়ে গিয়েছিলেন যে, তাঁরা প্রস্তুতি সারতে বিদেশেও যেতে পারেননি। এমনকী জাতীয় শিবিরের ট্রায়ালেও অংশ নিতে পারেননি। সেই কারণে তাঁরা অলিম্পিক্স পদকজয়ী হয়েও সরাসরি প্যারিসে যাওয়ার টিকিট পাননি।
সেদিক থেকে ব্যতিক্রমী ভিনেশ। ২৯ বছরের তারকা কুস্তিগির ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে প্যারিসে নামার যোগ্যতা পেলেন। তিনিও এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন।