
নিজের গ্রামে মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন ভিনেশ ফোগত।
শেষ আপডেট: 19 August 2024 15:22
দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্স থেকে পদক না পেয়েও তিনি স্বপ্নের রানি। দেশের মানুষের হৃদয় ও ভালবাসা দুটোই জিতেছেন ভিনেশ ফোগত। যেভাবে তাঁকে দিল্লিতে বরণ করে নেওয়া হয়েছে, তাতে বলা হচ্ছে, ভারতের কুস্তিগির ফের অবসর ভেঙে ফিরে আসতে পারেন। সেদিন চোখের জল বাঁধ মানেনি।
প্যারিসে কুস্তির ফাইনালে নামতে পারেননি ওজন ১০০ গ্রাম বেশি থাকায়। সেই কারণে আন্তর্জাতিক আদালত তিনবার রায় পিছিয়েও সিদ্ধান্ত নিয়েছিল, ভিনেশ এবার রুপোও পাবেন না। তারপরেও তাঁর জন্য মানুষের ভালবাসা কমেনি। বরং দেশে ফিরেও তিনি সংবর্ধনার জোয়ারে ভেসে যাচ্ছেন।
ভিনেশের পাশে থাকছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। যাঁদের সঙ্গে যৌথভাবে তিনি কুস্তি সংস্থার বিদায়ী সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। হরিয়ানায় নিজের গ্রাম বলালিতে ভিনেশকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেইসময় আচমকা দেখা যায়, দঙ্গল কন্যা অসুস্থ হয়ে চেয়ারের পিছন দিকে মাথা এলিয়ে দিয়েছেন। সেইসময় বক্তব্য রাখছিলেন আয়োজক সংস্থার এক কর্তা। তিনিও খেয়াল করেননি। পাশাপাশি মঞ্চে বসে ভিনেশের সতীর্থরাও প্রথমে তাঁকে দেখে বোঝেননি তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
PARIS TO BALALI
— nnis Sports (@nnis_sports) August 17, 2024
It's a hectic day for Vinesh Phogat. She's traveling more than 20 hrs. #VineshPhogat #ParisOlympics2024 #wrestling #Paris2024 #ParisOlympics #Olympics pic.twitter.com/ZC5vEl8jYh
প্যারিসে ফাইনালের নামার আগেরদিনও প্রচণ্ড খাটুনির পরে দেখা যায় তাঁর শরীরে জলের অভাব ঘটেছে। সেদিনও ভিনেশ অসুস্থ হয়ে যেতে তাঁকে প্যারিসের গেমস ভিলেজের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তিনদিন চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
সেই অসুস্থতাই কি আবারও মাথাচাড়া দিয়ে উঠল। কারণ ভিনেশের যা ওজন, তার থেকে প্রায় ১৫ কেজি ওজন তাঁকে ঝরাতে হয়েছে। দুম করে এতটা ওজন কমে যাওয়াতেই কি তাঁর বিপত্তি ঘটল? এই নিয়ে প্রশ্ন উঠছে। ভিনেশকে অবশ্য তারপরেই মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। তাঁকে তারপর প্রাথমিক চিকিৎসাও করা হয়েছিল। এমনকী দেখা গিয়েছে, ভিনেশের পালস রেট দেখছেন বজরং। মনে করা হচ্ছে, ২০ ঘণ্টার বিমানযাত্রা শেষে তিনি এতটুকু বিশ্রাম পর্যন্ত নিতে পারেননি। সেই ধকলই নিতে ব্যর্থ এই নামী তারকা। জানা গিয়েছে, ভিনেশ এই মুহূর্তে বিপদমুক্ত।