
ভিনেশ ফোগত এবং বিজেন্দ্র সিং
শেষ আপডেট: 7 August 2024 18:16
দ্য ওয়াল ব্যুরো: ভিনেশ ফোগতের বিষয়টি কেউই মেনে নিতে পারছেন না। যিনি এক রাত আগে ইতিহাস রচনা করে অলিম্পিক্স কুস্তির ফাইনালে উঠেছিলেন, রাতারাতি তাঁকে বাদ দেওয়া হয়েছে। ১০০ গ্রাম বেশি ওজন থাকার প্রেক্ষিতে তাঁকে বাতিল করেছে অলিম্পিক্স কমিটি। এই খবর সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে। অধিকাংশই ষড়যন্ত্রের কথা বলছে। তাঁদের সঙ্গে কার্যত একমত অলিম্পিক্সে পদক জয়ী একমাত্র ভারতীয় বক্সার বিজেন্দ্র সিংও।
৫৩ নয়, এবার ৫০ কেজির বিভাগে লড়ছিলেন ভিনেশ ফোগত। ইতিহাস সৃষ্টি করে ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসাবে অলিম্পিক্সের ফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু মাত্র ১০০ গ্রাম বেশি ওজন হয়ে যাওয়ায় তাঁকে বাতিল করা হয়েছে। সূত্রের খবর, ওজন কমানোর জন্য কার্যত যা নয় তাই করেছিলেন ভিনেশ। চুল কাটা থেকে শুরু করে রক্ত বের করে দেওয়া, সবই চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষমেশ তিনি ওজন কমাতে পারেননি। যদিও এই বিষয়টি মানতে নারাজ বিজেন্দ্র।
অলিম্পিক্স পদক জয়ী বক্সারের কথায়, ''আমার মনে হচ্ছে ষড়যন্ত্র হয়েছে। কারণ ভিনেশ আর যাই হোক এই ভুল করতে পারে না।'' এক সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিয়ে বিজেন্দ্র বলেন, ''আমাদের মতো অ্যাথলিটরা এক রাতে ৫-৬ কেজি ওজন কমাতে পারে। আমি বলছি না বিষয়টি খুবই সহজ। কিন্তু আমরা খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করে, পরিশ্রম করে তা করতে পারি।'' কিন্তু ষড়যন্ত্রের কথা বলে কাকে নিশানা করেছেন বিজেন্দ্র?
ভারতের এই তারকা বক্সার বলছেন, ''যারা ভারতকে খেলার জগতে সফল হতে দেখতে চায় না, তারাই এই কাজ করেছে হয়তো। কারণ, আমি বিশ্বাস করি না ভিনেশ এমন একটা জায়গায় দাঁড়িয়ে এই রকম ভুল করবে। এত বছর ধরে সে আন্তর্জাতিক স্তরে খেলছে। ওঁর তো এই বিষয় সম্পর্কে ধারণা থাকবেই। তাই আমার মনে হচ্ছে, কিছু গন্ডগোল তো আছেই।''
তবে যে প্রশ্নটা সামনে আসছে, ভিনেশ তো এর আগে ৫৩ কেজি ক্যাটাগরিতে ফ্রিস্টাইল কুস্তিতে নেমেছেন। তা হলে তাঁকে প্যারিসে ৫০ কেজি বিভাগে কেন নামতে হল? দেখা গেছে, অলিম্পিক্সের ট্রায়ালের সময় ভারতেরই আন্তিম পাঙ্গাল ৫৩ কেজি ক্যাটাগরিতে আগেই যোগ্যতা পেয়ে গিয়েছিলেন। এক বিভাগ থেকে একজনই কুস্তিগির নামতে পারেন। সেই কারণে ভিনেশকে ওজন কমিয়ে ৫০ কেজি বিভাগে নামতে হয়েছিল।