
ভেঙ্কটেশ আইয়ার
শেষ আপডেট: 4 April 2025 12:20
দ্য ওয়াল ব্যুরো: গতকাল হায়দরাবাদের বিরুদ্ধে পাওয়ারপ্লে-কে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে মনে করা হলেও ডেথ ওভারে বিধ্বংসী ব্যাটিংয়ের ফলে ম্যাচের রঙ বদলে দেন ভেঙ্কটেশ আইয়ার। ১২ বলে দুটি ছক্কা ও ছ’টি চার হাঁকান। ১৯ তম ওভার করতে আসেন প্যাট কামিন্স। তাঁর বিরুদ্ধে ২০ রান তোলেন। যদিও এতকিছুর পর বোলারের নাম দেখে পিছু হটতে নারাজ কলকাতার ব্যাটসম্যান। বলেছেন, ‘কে বল করতে এল, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি দেখি না কে বল করতে এল। কেমন ডেলিভারি হল, কীভাবে ফিল্ডিং সাজানো আছে—সেটাই লক্ষ্য করি।‘
চলতি আইপিএলে অন্যতম ইস্যু হয়ে উঠেছে পিচ। প্রথমে কেকেআর শিবির বেঙ্গালুরু ম্যাচ হেরে যাওয়ার পর উইকেটের ঘূর্ণির অভাব নিয়ে মুখ খুলেছিল। এরপর চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টসও নিজেদের অসন্তোষ জানায়। প্রশ্নের মুখে উঠে আসেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। যিনি নিজের জায়গা ছেড়ে বেরিয়ে আসতে রাজি হননি। জানিয়েছিলেন, পিচ বানানোর জন্য তিনি বিসিসিআইয়ের গাইডলাইন অনুসরণ করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড ও সিএবি ছাড়া তিনি আর কারও কাছে দায়বদ্ধ নন।
Lighting up Eden Gardens with some fireworks ????
— IndianPremierLeague (@IPL) April 3, 2025
Sit back and enjoy Rinku Singh and Venkatesh Iyer's super striking ????????
5⃣0⃣ up for Iyer in the process!
Updates ▶ https://t.co/jahSPzdeys#TATAIPL | #KKRvSRH | @KKRiders pic.twitter.com/AAAqnOsRy8
এই সূত্রে দ্বিতীয় একটি উইকেট বানানো হয়। সেখানেই গতকালের ম্যাচ আয়োজিত হয়েছে। সেই নিয়ে এবার মন্তব্য রেখেছেন ভেঙ্কটেশ। বলেছেন, ‘আমরা জিতেছি। তাই এবার বলতেই হবে উইকেট ভাল ছিল। তবে সত্যি বলতে, আমরা দুর্দান্ত বল করেছি। প্রচুর রান তুলেছি। পরিবেশকে দারুণভাবে কাজে লাগিয়েছি।‘ টিমের পারফরম্যান্সের প্রশংসা করলেও ভেঙ্কটেশ বলে দেন তিনি ইচ্ছেমাফিক উইকেট তৈরির পক্ষপাতী নন। বলেছেন, ‘আমি কোনওদিন বিশ্বাস করিনি, পিচ একটা বাঁধাধরা ধারা মেনে তৈরি হওয়া উচিত। আমরা পেশাদার ক্রিকেটার। তাই আমাদের সমস্তকিছুর সঙ্গে ধাতস্থ হতেই হবে। তবে হ্যাঁ, যদি ঘরের মাঠে খেলি, তাহলে আমাদের অনুরোধ মেনে পিচ বানালে ভালই লাগবে।‘
গতকাল ব্যাটে-বলে ছন্দে ছিল কেকেআর। প্রথমে ব্যাট করতে নেমে ২০০ রান তোলার পর বরুণ চক্রবর্তীদের সাঁড়াশি চাপে মাত্র ১২০ রানেই আউট হয়ে যায় হায়দরাবাদ। আগ্রাসি ব্যাটিংয়ের জন্য শিরোনামে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। ওপেনে নামা ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মার পাওয়ারপ্লে-তে দুর্দান্ত ব্যাটিং অনেক ম্যাচই বিপক্ষের হাতের বাইরে নিয়ে গেছে। এই নিয়ে বলতে গিয়ে গতকালের প্রতিপক্ষকে বিঁধেছেন ভেঙ্কটেশ। জানিয়েছেন, আগ্রাসন মানেই অবিবেচকের মতো খেলা নয়। বলেছেন, ‘বিধ্বংসী খেলা মানে ইতিবাচকতা দেখানো। কিন্তু সেটা সঠিক মানসিকতা নিয়ে। যদি আমরা ১৫ রানে ৬ উইকেট খুইয়ে ফেলি এবং তারপরও সমস্ত বল মারতে যাই তাহলে সেটা ইতিবাচক হতে পারে, কিন্তু সঠিক উপায় নয়। তাই বুদ্ধিমান ক্রিকেট খেলে আমাদের চ্যাম্পিয়ন হতে হলে সমস্ত পরিস্থিতি ঠিকমতো বুঝে খেলতে হবে। আমরা একদিন ২৫০ রান করে পরের দিনই ৭০ রানে আউট হয়ে যাওয়া টিম হতে চাই না।‘