দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যর্থ, জানালেন ভারতের আরও এক নামী প্রাক্তন তারকা দিলীপ বেঙ্গসরকার। মুম্বইয়ের এই মহাপ্রাক্তন সর্বভারতীয় এক ইংরাজি দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছেন, ‘‘সৌরভ সব কাজে কেন এত কথা বলছেন? যেখানে দুবাইতে আইপিএল চেয়ারম্যান (ব্রিজেশ প্যাটেল) বসে রয়েছেন, তিনি সেই পরিস্থিতিতে আইপিএলের দিনক্ষণ জানিয়ে দিচ্ছেন, এটা কী ঠিক হচ্ছে?’’ প্রশ্ন তুলেছেন এই মুম্বইকর।
বিসিসিআই সভাপতি পদে সৌরভ বসার পরে কেউ প্রথম এমন প্রকাশ্যে তাঁর সমালোচনা করলেন। বেঙ্গসরকার বেশ উত্তেজিতভাবে বলেছেন, ‘‘সৌরভ কী মনে করছেন, আমি ঠিক জানি না, তবে দল নির্বাচন থেকে শুরু করে কাকে দলে নেওয়া হলে ভাল হতো, সব বিষয়েই বক্তব্য রাখছেন। তা হলে বাকিরা আছে কী করতে? নির্বাচকদের কোনও গুরুত্বই দিচ্ছেন না।’’
সৌরভের আগে বোর্ডের অন্দরমহলে সব গোপনে হয়ে যেত। তিনি আসার পরে সেটি সম্ভব হচ্ছে না। এই প্রসঙ্গও তুলে ধরা হয় ভারতের এই নামী প্রাক্তন ক্রিকেটারের কাছে। তিনি এর সরাসরি জবাব না দিয়ে বলেছেন, ‘‘আমি তা মনে করি না। কিন্তু বোর্ডের প্রতিটি বিষয়ে আলাদা দায়িত্বপ্রাপ্ত সব আধিকারিকরা রয়েছেন, তারপরেও সভাপতি সব প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন, এটা কী করে সম্ভব?’’
বেঙ্গসরকার এর আগে অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলে সূর্যকুমার যাদবের না থাকা নিয়ে সরাসরি অভিযোগ জানিয়েছিলেন। এই নিয়ে সৌরভ মৌণ ব্রত কেন গ্রহণ করেছেন, সেই নিয়েও আক্রমণাত্মক তিনি। সৌরভ শুধু সূর্যকুমারের বাদ যাওয়া নিয়ে জানাল, দ্রুত ও দলে ফিরবে, কিন্তু এর চেয়ে বেশি বলল না, জানি না কেন! তারপরেই জানিয়েছেন, ‘‘আমার সবসময় মনে হত কোনও প্রাক্তন ক্রিকেটারই বোর্ড সামলানোর জন্য সবচেয়ে বেশি দক্ষ, কিন্তু এখনও পর্যন্ত যা দেখছি, তাতে মনে হচ্ছে নিজের সেই ভাবনায় বদল আনতে হবে।’’
এরপরেই রীতিমতো ব্যঙ্গের সুরে বেঙ্গসরকার ভারতীয় বোর্ডের সভাপতি সম্পর্কে জানিয়েছেন, ‘’আমি অবাক হয়ে যাচ্ছি, সৌরভ কেন সব বিষয়ে নাক গলাচ্ছেন! সামনের বারের আইপিএল সূচী থেকে শুরু করে কোথায় হবে, এমনকি দল নির্বাচন নিয়ে সব জবাব তিনিই দিয়ে দিচ্ছেন, বাকিরা তা হলে কী করতে রয়েছে? এটা খুবই দুর্ভাগ্যের। অথচ এমনটা নয় যে এখানে অন্য কেউ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না কিংবা নেওয়ার যোগ্যতা নেই। সৌরভের কি ওঁদের কর্মক্ষমতা নিয়ে সন্দেহ আছে? কিংবা সৌরভ মনে করে বাকিদের থেকে ও সব বিষয়ে ভাল বোঝে?’’