
গোলের পরে ভেনেজুয়েলা ফুটবলারদের উল্লাস।
শেষ আপডেট: 1 July 2024 20:31
দ্য ওয়াল ব্যুরো: কোপা আমেরিকায় প্রথম দুই ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে ছিল ভেনেজুয়েলা। শেষ ম্যাচেও জামাইকাকে ৩-০ গোলে হারিয়ে হুগো সাভেজের দেশের অগ্রগতি অব্যাহত। তারা গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছে।
টেক্সাসের কিউট স্টেডিয়ামে শুরুতে রক্ষণাত্মক ছিল ভেনেজুয়েলা। এই সুযোগে কিছুটা চাপ তৈরি করার চেষ্টা করে জামাইকা। তবে তারপরেই খোলস ছেড়ে বেরিয়েছে ভেনেজুয়েলা। বারবার আক্রমণ গড়ে তুললেও কাজের কাজ হয়নি। যে কারণে ম্যাচের বিরতিতে গোলশূন্যভাবে শেষ হয়েছে।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই এগিয়ে যায় ভেনেজুয়েলা। জন আরামবুরোর অ্যাসিস্টে দারুণ হেডে গোল করেন ইডুয়ার্ড বেলো। সাত মিনিট পরেই ব্যবধান বাড়ায় সাভেজের দেশ। এবার বাঁ-পায়ের দুর্দান্ত শটে জামাইকার জালে বল জড়িয়ে দিয়েছেন সলেমন রনডন। তাঁকে বল বাড়িয়েছিলেন বেলো।
তারপর অবশ্য জামাইকা গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ম্যাচের ৮৫ মিনিটে এরিক রামিরেজ দলের হয়ে শেষ গোলটি করেছেন। এই জয়ের সুবাদে ভেনেজুয়েলা নয় পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে চলে গিয়েছে।