
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 17 April 2025 17:51
মাঠেই হার্ট অ্যাটাক আম্পায়ারের, হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা
দ্য ওয়াল ব্যুরো: খেলা চলাকালীন হঠাৎ মাঠেই পড়ে গেলেন আম্পায়ার (Umpire)। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হল না। জানা গিয়েছে মাঠেই হার্ট অ্যাটাক (Heart Attack) হয়েছিল ওই আম্পায়ারের। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত (Death) ঘোষণা করেন।
মৃত আম্পায়ারের নাম প্রসাদ মালগাওঙ্কর (Prasad Malgaonkar), বয়স ৬০ বছর। বুধবার মুম্বইয়ের সুন্দর ক্রিকেট ক্লাবে (Sundar Cricket Club) হওয়া অনূর্ধ্ব-১৯ ভামা কাপের (Vama Cup) ম্যাচে দায়িত্ব পালন করছিলেন মালগাওঙ্কর। কেআরপি একাদশ–ক্রিসেন্ট সিসি ম্যাচের ১১তম ওভার চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে নিকটবর্তী বোম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
জানা গিয়েছে, ম্যাচের ১১তম ওভারে দায়িত্ব পালন করতে স্কয়ার লেগে যান মালগাওঙ্কর। সেই ওভারের মাত্র দুই বলের পরেই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। জানা গিয়েছে, ম্যাচ শুরুর আগেই তিনি সহকারী আম্পায়ার পার্থমেশ আঙ্গানেকে জানিয়েছিলেন, অ্যাসিডিটির সমস্যার কথা।
সংবাদমাধ্যম মিড ডে-কে আঙ্গানে বলেন, ‘ম্যাচের আগে মালগাওঙ্কর আমাকে বলেন, শরীরটা ঠিক লাগছে না, অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। আমি বলেছিলাম, আপনি বিশ্রাম নিন। কিন্তু উনি বললেন ঠিক আছেন। প্রথম ১০ ওভার পর্যন্ত তিনি ঠিকঠাকই ছিলেন, কিন্তু ১০.২ ওভারের পর হঠাৎ পড়ে যান এবং শ্বাসকষ্ট শুরু হয়। তখন আমাদের এমসিএ সমন্বয়ক দত্ত মিথবাভকর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান।’
এমসিএ সমন্বয়ক দত্ত মিথবাভকর বলেছেন, ‘আমরা তাঁকে দ্রুত বোম্বে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। ইব্রাহিম স্যার ও খেলোয়াড়দের সহায়তায় তাঁকে সুন্দর সিসি মাঠ থেকে পাশের ন্যাশনাল সিসি পর্যন্ত চৌকিতে চাপিয়ে নিয়ে যাই, সেখান থেকে একটি ট্যাক্সিতে করে হাসপাতালে নিয়ে যাই। আমার ধারণা, তিনি পথেই মারা গিয়েছেন।’
বোম্বে হাসপাতালের (Bombay Hospital) জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, হাসপাতালে আনার সময় মালগাওঙ্করের রক্তচাপ, অক্সিজেন এবং নাড়ির কোনও চিহ্ন ছিল না। ইসিজি করলেও হৃৎস্পন্দন পাওয়া যায়নি। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।