
রবার্ট লেভানদস্কি
শেষ আপডেট: 10 April 2025 11:59
দ্য ওয়াল ব্যুরো: পুরনো ক্লাবের বিরুদ্ধে জ্বলে উঠলেন লেভানদস্কি। দুটো গোল নিজে করলেন। দল করল চার গোল৷ ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডর্টমুন্ডকে হারিয়ে সেমিতে ওঠার রাস্তা অনেকটাই পাকা করে ফেলল বার্সেলোনা।
গতকাল রাতে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন রাফিনহা। তাঁকে ফ্রিকিক থেকে তৈরি হওয়া সুযোগ বাড়িয়ে দেন পাউ কুবার্সি। বল জালে জড়াতে ভুল করেননি ব্রাজিলিয়ান উইংগার। গোল নিয়ে অফসাইডের প্রশ্নচিহ্ন দেখা দিলেও ভার বাতিল করেনি।
লড়াইয়ে এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসে ফুটছিল বার্সেলোনা। শানাতে থাকে মুহুর্মুহু আক্রমণ৷ পরিত্রাতা হয়ে ওঠেন ডর্টমুন্ড কিপার গ্রেগর কোবেল।
দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী হয়ে ওঠে বার্সা। ৪৮ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান লেভানদস্কি৷ হেডারে গোল করলেও দুর্দান্ত অ্যাসিস্টের কৃতিত্ব সেই রাফিনহার৷ ৬৬ মিনিটে তিন নম্বর গোল করেন লেভানদস্কিই৷ মাঠের ডান প্রান্ত থেকে অসাধারণ ক্ষিপ্রতায় ফাইনাল পাস বাড়ান ফের্মিন লোপেজ৷ ৩ গোল খেয়ে আরও কুঁকড়ে যায় ডর্টমুন্ড। দলের চার নম্বর গোল করে জয় সুনিশ্চিত করেন লামিন ইয়ামাল৷
গতকালের রাতে ম্যাচ জেতা ছাড়াও একগুচ্ছ রেকর্ডও তৈরি করেছে বার্সেলোনা। মরশুমে দুরন্ত ফর্মে রয়েছেন রাফিনহা। নিজে গোল করছেন, গোলের রাস্তাও বের করে দিচ্ছেন৷ গতকালের পারফরম্যান্সের সুবাদে চলতি মরশুমে ৭টি গোল ও ১২ খানা অ্যাসিস্ট করেছেন তিনি। যা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে রেকর্ড। পাশাপাশি লিওনেল মেসির পর প্রথম বার্সা খেলোয়াড় হিসেবে এক মরশুমে ২০-র উপর গোলের সুযোগ তৈরির নজিরও গড়েছেন রাফিনহা৷
অন্যদিকে জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগের নক আউটে ৩৪তম গোল করে ফেললেন লেভানদস্কিই৷ ছুঁলেন করিম বেঞ্জিমার রেকর্ড। রোনাল্ডো আর মেসি ছাড়া আপাতত তাঁর উপরে আর কেউ নেই৷ পাশাপাশি স্রেফ মাঠে নেমেই নজির স্থাপন করলেন লামিন ইয়ামালও। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ২০টি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলে ফেলেছেন স্পেনের নতুন তারকা।
গতকাল অন্য একটি ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-অ্যাস্টন ভিলা। যেখানে ফরাসি ক্লাবটি ৩-১ গোলে জিতেছে৷ পিএসজির গোলদাতা ডেসিরি ডয়ু, খাভিচা কাভারৎস্কেলিয়া এবং মেন্ডেস। ভিলার হয়ে গোল করেছেন মর্গ্যান রজার্স। আগামী মঙ্গলবার কোয়ার্টারফাইনাল সেকেন্ড লেগ। সেখানেই বোঝা যাবে কে সেমিতে উঠতে চলেছে৷ পিএসজি-ভিলা ম্যাচের বিজয়ী দল খেলবে আর্সেনাল-রিয়াল মাদ্রিদের মধ্যে যে টিম জিতবে তাদের বিরুদ্ধে৷ অন্যদিকে বার্সেলোনা-ডর্টমুন্ড ম্যাচের জয়ী টিম ইন্টার মিলান-বায়ার্ন মিউনিখ টাইয়ের বিজয়ী দলের মুখোমুখি হবে৷