
শেষ আপডেট: 20 November 2023 19:16
দ্য ওয়াল ব্যুরো: ফাইনালে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন চূর্ণ হয়েছে ভারতের! ক্রিকেটারদের তো বটেই ১৪০ কোটি ভারতবাসীর আশা শেষ হয়ে গেছে। সেই দুঃখে অনেকের চোখেই ঘুম ছিল না রবিবারের রাতে। অস্ট্রেলিয়াকে বিশ্বচ্যাম্পিয়ন করার পিছনে অন্যতম অবদান ছিল অজি তারকা ট্রেভিস হেডের। রোহিত শর্মার দুর্দান্ত ক্যাচ নেওয়া থেকে শুরু করে ১৩৭ রানের দামি ইনিংস খেলেন তিনি। বলা চলে, ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্নের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেন হেড। এমন স্বপ্নভঙ্গ হওয়ায় মাথা ঠিক রাখতে না পেরে হেডের পরিবারকে খুন এবং ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক ভারতীয় সমর্থকের বিরুদ্ধে! শুধু হেড নয়, অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলকেও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
রবিবারের ম্যাচে ব্যাট হাতে গ্লেন ম্যাক্সওয়েল তেমন কিছু করার সুযোগ পাননি। তবে বল হাতে তিনিই নেন রোহিতের উইকেট। ৪৭ রানের মাথায় ম্যাক্সওয়েলের বলেই বড় শট খেলতে গিয়েছিলেন রোহিত, কিন্তু বল ঠিকঠাক না লাগায় সেটা আকাশে উড়ে যায়। হেড কভার পয়েন্ট থেকে প্রায় ১১ মিটার দৌড়ে গিয়ে বলটা তালুবন্দি করেন। ম্যাক্সওয়েল ও হেডের যুগলবন্দিতেই রোহিত প্যাভিলিয়নে ফেরেন।
সেই রাগ পুষে রেখেছিলেন ওই ভারতীয় দর্শক। ম্যাচ শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সরাসরি হেড ও ম্যাক্সওয়েলকে উদ্দেশ্য করে হুমকি দেন অভিযুক্ত। কিন্তু এমন ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় ওঠে। অনেকের কথায়, খেলায় হার-জিত আছেই। সেটা মেনে নেওয়াই আসল। মেনে নিতে না পেরে এমন কর্দয আক্রমণ একেবারেরই ঠিক নয়।
বিশ্বকাপ খেলতে স্ত্রী ও সন্তানদের নিয়ে ভারতে এসেছেন অনেক অজি তারকাই। রবিবার ফাইনালে গ্যালারিতে উপস্থিত ছিলেন হেড, ম্যাক্সওয়েলদের স্ত্রীরাও। ম্যাক্সওয়েলের স্ত্রী ভিনি রমণ আবার ভারতীয় বংশোভূত। তিনি এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তিনি মনে করিয়ে দেন, হারার পর এভাবে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়। সবাই নিজের দেশকে সমর্থন করবেন, দেশ হারলে দুঃখ পাবেন এটাই স্বাভাবিক। কিন্তু তার জন্য অন্যকে এমন হুমকি দেওয়া উচিত নয়।