
ফাইল চিত্র
শেষ আপডেট: 2 May 2025 20:02
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডে সর্বস্তরের ফুটবল থেকে রূপান্তরকামী মহিলাদের নিষিদ্ধ করল সে দেশের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের একটি নির্দেশের পর এই আদেশ বলবৎ হয়েছে। যেখানে জানানো হয়, যে সমস্ত মহিলা ‘জৈবিকভাবে’ মহিলা নন, তাঁরা ফুটবল খেলতে নামতে পারবেন না।
এর আগে আদালত যে নির্দেশিকা দিয়েছিল সেখানে ট্রান্সজেন্ডারদের খেলার ক্ষেত্রে ছাড় ছিল। শুধু টেস্টস্টেরন হরমোনের স্তর অনেকটা কম রাখতে বলা হয়। উল্লেখ্য, গত সপ্তাহে স্কটল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও একই ধরনের আদেশ জারি করে। যা ব্রিটেনের ফুটবল রাজনীতির প্রবাহকে বদলে দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
প্রসঙ্গত, এফএ-র নির্দেশ এখন সামনে এলেও সুপ্রিম কোর্টের ঘোষণা দু'সপ্তাহ আগে প্রকাশ্যে আসে। যার জেরে শুধু ময়দান নয়। ময়দানের বাইরেও বিতর্ক উস্কে উঠেছে। দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। একদিকে আদালতের রায় ও ফুটবল অ্যাসোসিয়েশনের অবস্থানকে সমর্থন জুগিয়েছে মানবাধিকার কমিশন। শুধু ফুটবল নয়। রূপান্তরকামীদের সমস্ত ধরনের মহিলা টয়লেট, হাসপাতাল ওয়ার্ড এবং যে কোনও ধরনের স্পোর্টস টিম থেকে বাদ দেওয়ার আওয়াজ তুলেছে তারা। নারীবাদী সংগঠনগুলিও একই সুরে সুর মিলিয়েছে।
অন্যদিকে রূপান্তরকামীদের স্বার্থ ও সুরক্ষা নিয়ে কাজ করে এমন বেশ কিছু গোষ্ঠী এই আইন ও নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছে এই বলে যে, এমন অবস্থান ট্রান্সজেন্ডারদের মৌলিক অধিকার ও দৈনিক রুজিরুটিকে ব্যাহত করবে।
যদিও বিরোধিতাকে খুব একটা আমল দিতে নারাজ ফুটবল অ্যাসোসিয়েশন। এফএ-র তরফে জানানো হয়েছে, খেলাকে সবার কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। তাই এর জন্য যাবতীয় রদবদল সবই আইন ও বিজ্ঞান মেনে করা হবে। এই নয়া নিয়ম ১ জুন থেকে কার্যকর হতে চলেছে। কতজন রূপান্তরকামী ফুটবলারের কেরিয়ার এর জেরে ক্ষতিগ্রস্ত হবে, সেই সংখ্যাটা যদিও জানা যায়নি৷