দ্য ওয়াল ব্যুরো: দেশে ফিরে দারুণ অভ্যর্থনা পেলেন মীরাবাই চানু। মনিপুরের এই ভারোত্তোলক সাড়ে চারটা নাগাদ দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছান। তাঁকে বরণ করে নেওয়ার জন্য প্রচুর মানুষের জমায়েত ছিল বিমানবন্দরের বাইরে।
চানু টারম্যাকের বাইরে বেরতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাসের পারদ চড়তে থাকে। ‘ভারত মাতা কি জয়...’ ধ্বনি উঠতে থাকে। তিনি যে ভিভিআইপি হয়ে গিয়েছেন রাতারাতি, সেটি বোঝা যায় নিরাপত্তারক্ষীদের কড়াকড়িতে। চানুর আশেপাশে আসতে দেওয়া হয়নি কাউকেই।
অনেকে অটোগ্রাফের খাতা নিয়ে এগিয়ে এলেও তাঁদের সরিয়ে দেওয়া হয়। যে কর্তারা টোকিও যাননি, তাঁরা অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন। এমনকি দেখা গিয়েছে, বিমাবন্দরে থাকা কাস্টমস অফিসাররাও চানুর সঙ্গে ছবি তোলার সুযোগ হারাননি।
টোকিওতে চানু পদক জয়ের পরে মনিপুরের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। সেই প্রতিশ্রুতি পালন করল মনিপুর সরকার তাঁকে পুলিশের অ্যাডিশনাল সুপারিটেনডেন্ট পদে নিয়োগ দেওয়ায়। চানু ছিলেন নর্দান রেলের টিকিট পরীক্ষক, তারপর অফিসার পদে নিয়োগ করা হলেও সেই মতো বেতন ছিল না। মনে করা হচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
মনিপুরের মুখ্যমন্ত্রী বিরেন সিং জানিয়েছেন, আমরা আগেই জানিয়েছিলাম যে, চানু দেশে ফিরলে তাঁকে বড় নিয়োগ দেওয়া হবে। সেই হিসেবেই চানু দেশে ফিরতেই সেই প্রতিশ্রুতি পালন করা হচ্ছে।