দ্য ওয়াল ব্যুরো: দল বড় ব্যবধানে হারতেই চাপে পড়ে গিয়েছেন এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তিনি গত মুম্বই সিটি ম্যাচে পাঁচ গোল খেতেই সেদিন মিডিয়ার মুখোমুখি হননি। রবিবার জামশেদপুর এফসি-র বিপক্ষে ম্যাচের আগেরদিন কথা বলতে গিয়ে মেজাজ হারিয়েছেন।
মুম্বই ম্যাচে যে তাঁর দল রেফারির অবিচারের শিকার হয়েছেন, সেটি সরাসরি বলেছেন। হাবাসের বক্তব্য, ‘‘দ্বিতীয় গোলের সময় হ্যান্ডবল করেছে বিপক্ষের ফুটবলার, রেফারি সেটি দেখতেই পেলেন না! তৃতীয় গোলের আগে ফাউল হয়। রেফারি দীপক টাংরিকে লাল কার্ড দেখান, কিন্তু ওদের কাউকে দেখালেন না। এগুলি অবিচার নয় তো কোনটি ঠিক? চতুর্থ গোল হয় অফসাইডে। এ রকম আরও মুহূর্ত এসেছে ম্যাচে। আমরা ম্যাচে ঘুরে দাঁড়ানোরও সুযোগ পেয়েছি। কিন্তু স্বীকার করতেই হবে, রেফারি আমাদের প্রতি অবিচার করবেন, ভেবেই মাঠে নেমেছিলেন।’’
এই কথার পরিপ্রেক্ষিতে সবুজ মেরুন কোচকে শাস্তি পেতেও হতে পারে। কারণ রেফারির বিরুদ্ধে এমন মন্তব্য করা যায় না।
হাবাস যদিও সোমবার ম্যাচে নামাতে পারেন তিরিকে। তিনি ফিরলে দলের রক্ষণ ভাল হবে। কারণ তিরি নির্ভরযোগ্য তারকা। মুম্বই ম্যাচে বোঝা গিয়েছে দলের রক্ষণের অবস্থা সুবিধের নয়। তিরির বিষয়ে কোচ বলেছেন, ‘‘ওকে আমি ২০ জনের দলে রাখব, ম্যাচে খেলবে কিনা সেটি সকালে ওকে দেখে সিদ্ধান্ত নেব।’’
মুম্বই ম্যাচে হারের বিষয়ে রয় কৃষ্ণদের কোচ বলেছেন, একেকটি ম্যাচ এমন হতেই পারে। তাছাড়া মুম্বই দলটি দারুণ, ওদের দলে সবাই ম্যাচ উইনার। আমি বহুদিন ধরে কলকাতায় কোচিং করাচ্ছি, জানি এমন দুর্ঘটনা ঘটতেই পারে।
জামশেদপুর এফসি সম্পর্কে কোচের ব্যাখ্যা, ‘‘ওদের দলে ভালমানের মিডফিল্ডার রয়েছে, কোচও ভাল। তাই আমরা সতর্ক হয়েই মাঠে নামতে চাই।’’