দ্য ওয়াল ব্যুরো বৃহস্পতিবার দুপুরে বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে ১২২ তম আইএফএ শিল্ডের ফাইনালে নামছে অনূর্ধ ১৯ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আর ছোটদের বড় ম্যাচকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকছে স্টেডিয়ামে। বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে থাকছে র্যাফও। যে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে প্রাশাসন তৎপর বলেই জানিয়েছেন পুলিশ কর্তারা ।
প্রসঙ্গত ২০১৬ সালের অনূর্ধ ১৯ আই লিগের বড় ম্যাচকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বারাসত স্টেডিয়ামের সামনের রাস্তা। সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই প্রধানের সমর্থকরা। পুলিশের কোনও ধারনাই ছিল না ছোটদের বড় ম্যাচে অত সমর্থক মাঠে আসতে পারে এবং ওই পরিস্থিতি তৈরি হতে পারে। স্টেডিয়ামের গায়েই থানা। কিন্তু পুলিশ কিছুই করতে পারেনি সেদিন। প্রশাসনের একটি অংশের মতে, কোনও প্রস্তুতিই ছিল না তাঁদের। সেই সংঘর্ষ গড়ায় বারাসত স্টেশন পর্যন্ত। দু’জন মহিলা সমর্থককে ট্রেন থেকে ফেলে দেওয়ারও অভিযোগ ওঠে। ২০১৬’র ওই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে বৃহস্পতিবার নিরাপত্তা জোরদার করছে জেলা পুলিশ।
ঘরোয়া লিগ শুরুর আগেই শিল্ডের ডার্বি। তাও আবার ফাইনাল। যে জিতবে শিল্ড তার। ফলে অনূর্ধ ১৯ হলেও উত্তেজনায় ভাঁটা নেই। এ দিনও ভাল সংখ্যায় সমর্থকরা মাঠে যাবেন বলে মনে করছে আইএফএ।