1.jpeg)
রঞ্জির মাঠে বিরাট-ভক্তদের উন্মাদনা
শেষ আপডেট: 1 February 2025 18:01
দ্য ওয়াল ব্যুরো: প্রথম দিন দৌড়ে এসেছিলেন একজন। তৃতীয় দিনে তিনজন। রঞ্জিতে রেলওয়েজের বিরুদ্ধে চলা ম্যাচে দিল্লির ঘরের ছেলে বিরাটকে ছুঁয়ে দেখতে, জড়িয়ে ধরতে নিরাপত্তার আবেষ্টনী ভাঙলেন সাকুল্যে চার জন। একপেশে লড়াইয়ে কোহলির ব্যর্থতা বাদ দিলে যে ছোট ছোট মুহূর্তের স্মরণীয় কোলাজ তৈরি হল তার অন্যতম কেন্দ্রবিন্দু ভক্তদের একবগগা উন্মাদনা। যার ছবি ধরা পড়ল আজ, ম্যাচের শেষ দিনে।
প্রথম ইনিংসে দিল্লি তোলে ৩৭৪ রান। রেলওয়েজ করে ২৪১। পিছিয়ে থাকার সুবাদে দ্বিতীয় ইনিংসে তারা ফের ব্যাট করতে নামে। কিন্তু এবার মাথা তুলে দাঁড়াতে পারেননি রেলওয়েজের ব্যাটাররা। মাত্র ১১৪ রানে অল আউট হয়ে যান তাঁরা। অফ স্পিনার শিবম শর্মা নেন ৫ উইকেট।
মূলত, লাঞ্চের আগেই ঠিক হয়ে গেছিল ম্যাচের ফলাফল কী হতে চলেছে। দিল্লি যে সেকেন্ড ইনিংসে নামবে না, কোহলিকে যে এই ম্যাচে ব্যাট হাতে খেলতে দেখবেন না কেউই, সেটা একপ্রকার স্থির হয়ে যায়। তখনই তিনজন অনুরাগী নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মাঠে ছুটে আসেন। সেই সময় কভারে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন বিরাট। প্রথম দিনে ছুটে আসা সমর্থক কোহলিকে প্রণাম করেছিলেন। কিন্তু এদিন তিন জন ভক্তের সেই সুযোগ আসেনি। বিরাটকে ছুঁয়ে দেখার আগেই নিরাপত্তাকর্মীরা তাঁদের আটক করেন।
3 fans entered in the stadium to meet Virat Kohli and touched his feet at Arun Jaitley stadium today. ????
— ᴠɪʀᴀᴛ ᴋᴏʜʟɪ ꜰᴄ (@viratkohli_live) February 1, 2025
- King Kohli, An Emotion..!!!! ????#ViratKohli #ViratKohli???? #CricketTwitter #TRUMP #CandaceOwens #LaCasaDeLosFamososCol #ChampionsTrophy2025 #SB19 #bancoestado #planecrash… pic.twitter.com/05gSbKaPpY
ম্যাচ শেষ হলে ৫ উইকেট নিয়ে দিল্লির নায়ক শিবম শর্মা বলেন, ‘এটাই বিরাটের উন্মাদনা। যদিও মাঠে এভাবে ঢুকে পড়াটা ঠিক হয়নি। না, বিরাট ভাই তাঁদের কিছুই বলেননি। শুধু নিরাপত্তাকর্মীদের অনুরোধ জানান, যাতে ওই তিন ভক্তকে মারধোর কিংবা টানাহ্যাঁচড়া না করা হয়। একথা শুনেই নিরাপত্তাকর্মীরা তিনজনকে নিয়ে মাঠের বাইরে চলে যান। তাঁদের তেমন কিছুই করা হয়নি।‘