
ভারতের ম্যাচ শুরু করার জন্য তিনটি ড্রায়ার মেশিন।
শেষ আপডেট: 15 June 2024 22:25
দ্য ওয়াল ব্যুরো: কথায় রয়েছে, যত দোষ নন্দ ঘোষ! আবার এও বলা যায়, নাচতে না জানলে উঠোন ব্যাঁকা!
টি ২০ বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় নিয়ে দুটি প্রবাদই খেটে যেতে পারে। গত শুক্রবার আমেরিকা ম্যাচ ভেস্তে যাওয়ায় তাদের ছিটকে যেতে হয়েছে। আমেরিকা হারলে পাক দল সুপার এইটে চলে যেত। তা হলে গ্রুপ পর্ব থেকে বাবর আজমদের বিদায় হতো না। কিন্তু এই ঘটনায় পাক মিডিয়া দোষ ধরেছে আইসিসি-র।
পাক মিডিয়ার দাবি, ফ্লোরিডার মাঠ শুকোনোর জন্য আইসিসি-র নির্দেশে স্থানীয় আয়োজকরা উপযুক্ত ব্যবস্থা নেয়নি। তারা আবিস্কার করেছে, মাত্র একটি ড্রায়ার মেশিন ছিল মাঠে আউটফিল্ড শুকোনোর জন্য। কিন্তু ভারতের ম্যাচের সময় শনিবার তিনটি ড্রায়ার মেশিন দিয়ে খেলা শুরু করার ব্যর্থ চেষ্টা হয়। তাদের বক্তব্য, পাক দলকে বিদায় করতেই আইসিসি এমন পদক্ষেপ নিয়েছে।
এই ঘটনায় পাক সমর্থকদের ছাড়েননি ভারতীয়রা। কেউ কেউ লিখেছেন, খেলতে না পারলে এসব দোষ ধরা বন্ধ করো। কেউ আবার বলেছেন, আমেরিকার মতো ছোট দলের কাছে হারটার কথা মনে করলে এসব দুষ্টু বুদ্ধি মাথায় আসবে না!