
শেষ আপডেট: 16 November 2023 13:48
দ্য ওয়াল ব্যুরো: বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ দেখতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এসেছিলেন ফুটবল মহাতারকা ডেভিড বেকহ্যাম। গ্যালারিতে বসে তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। বিরাটের শতরান, শামির আগুনে বোলিং—সবই বসে বসে দেখেছেন। আর তারপর বেকহ্যাম বললেন, 'প্রথম ভারত সফর মনে রেখে দেব!'
একইসঙ্গে এই প্রাক্তন ফুটবলার বললেন, ভারতে এখন উৎসবের মরশুম। আর তারমধ্যেই চলছে ক্রিকেট বিশ্বকাপ। সবমিলিয়ে দেশের এইসময়ের চিত্রটা অন্য সময়ের থেকে অনেক বেশি রঙিন। তাই ভারত সফরে আসার জন্য এর থেকে ভাল সময় আর হয় না। উল্লেখ্য, ইউনিসেফের ‘গুডউইল অ্যাম্বাসাডর’ হিসাবে দিনকয়েক আগেই ভারত সফরে এসেছেন ডেভিড বেকহ্যাম।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, অর্থাৎ আইসিসিও নারী ও মেয়েদের ক্ষমতায়ন এবং ক্রিকেটের মাধ্যমে অন্তর্ভুক্তি ও বিশ্বজুড়ে লিঙ্গ সমতার বার্তা দিতে ইউনিসেফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। সেই ইউনিসেফের কাজেই গুজরাতে এসেছিলেন বেকহ্যাম। সেখানে ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে ক্রিকেটও খেলেছেন তিনি। আবার একসঙ্গে দীপাবলি উদযাপনও করেছেন।
ইউনিসেফের শুভেচ্ছা দূত, অর্থাৎ ‘গুডউইল অ্যাম্বাসাডর’ হিসাবে ভারত সফরে এসে ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল অধিনায়ক বলেন, "আমি ভারতে আসার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। মাত্র ১৭ বছর বয়সে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পরই আমি ইউনিসেফের সঙ্গে কাজ শুরু করি। পরে ২০১৫ সালে ইউনিসেফ আমায় তাঁদের ‘গ্লোবাল অ্যাম্বাসাডর’ নির্বাচন করে।