
শেষ আপডেট: 23 December 2023 14:29
দ্য ওয়াল ব্যুরো: শরীরের খেয়াল রাখেন সকলেই। কিন্তু মনের অসুখ হলে তা নিয়ে ঠিক কতজন ভাবনাচিন্তা করেন! অবসাদ, হতাশা, নিঃসঙ্গতা নিয়ে আজকাল তাও কথাবার্তা হয়, আলোচনা হয়। ধীরে ধীরে এই রোগকেও স্বাভাবিকভাবে নিতে শিখছেন অনেকে। এবার সেই মানসিক অবসাদের কথা জানিয়ে সাময়িকভাবে ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন এক ভারতীয় ক্রিকেটার। এই মারাত্মক খবর প্রকাশ্যে আসার পরই ভারতীয় ক্রিকেটে হইচই পড়ে গিয়েছে।
মাত্র ২৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। এমনকী আইপিএলের মঞ্চেও তাঁর সাফল্য বেশ ঈর্শনীয়। সেই ঈশান কিষাণ নাকি ভুগছেন মানসিক অবসাদে! শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি। এর আগে বেন স্টোকস এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটাররা সাময়িক বিরতি নিয়েছেন ক্রিকেট থেকে। সেই তালিকায় নাম জুড়ল ঈশানেরও। জানা গিয়েছে, চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
সূত্রের খবর, জাতীয় দলের হয়ে সেভাবে ম্যাচ খেলার সুযোগ না পেয়েই তিনি সাময়িকভাবে ক্রিকেট থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এমনিতে জাতীয় দলের যে কোনও সিরিজ বা টুর্নামেন্টে ঈশান কিষাণকে স্কোয়াডে রাখেন নির্বাচকরা। কিন্তু প্রথম এগারোতে একেবারেই সুযোগ পাননা। বিশ্বকাপের প্রথম দু’ম্যাচে শুভমন গিল খেলতে না পারায় সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এরপরই গিল দলে ফেরেন।
কেরিয়ারের এমন গুরুত্বপূর্ণ সময়ে মানসিক অবসাদের কারণ দেখিয়ে সাময়িকভাবে অবসর নেওয়া সহজ কথা নয়। ঈশান সেটা করে দেখিয়েছেন। জানা গিয়েছে, এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে ঈশান কিষাণ নাকি হেড কোচ রাহুল দ্রাবিড় এবং দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেছেন। এমনকী জাতীয় মুখ্য নির্বাচক অজিত আগরকরের সঙ্গেও বিষয়টি নিয়ে একান্তে কথা হয়েছে তাঁর। এরপরই ক্রিকেট থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন তিনি।