
বাবর আজম
শেষ আপডেট: 20 February 2025 15:24
দ্য ওয়াল ব্যুরো: হাফ সেঞ্চুরি করার পর কোনও খেলোয়াড় সাধারণত প্রশংসিত হন। ব্যতিক্রম বাবর আজম। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে হারের পর বাবরকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা। বাসিত আলি থেকে ওয়াসিম আক্রম কিংবা মহম্মদ হাফিজ। সকলেই একবাক্যে স্বীকার করছেন, বাবরের শম্বুকগতির ইনিংসই ডুবিয়েছে পাক বাহিনীকে। এত ঠুকে ঠুকে খেলেছেন, অযথা বল নষ্ট করেছেন, সিঙ্গল নিতেও অ্যালার্জি দেখিয়েছেন—এই কারণেই নাকি কাল ম্যাচ হেরেছে পাকিস্তান।
জয়ের জন্য ৩২১ রান তাড়া করার লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাক ব্রিগেড। রান কুড়োতে ব্যর্থ হন বাবর। প্রথম ২৭ বলে করেন মাত্র ১২ রান। আর এরই মধ্যে দু’উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।
ইনিংসের শেষদিকে কিছুটা গতি বাড়লেও কাজের কাজ কিছু হয়নি। ৯০ রানে ৬৪ রান করে আউট হন আজম। হাঁকান মোটে ৫টি চার। আর শেষমেশ ৬০ রানে পরাজিত হয় পাকিস্তান।
এই ইস্যুতেই সরব হয়েছেন বাসিত আলি। তিনি বলেন, ‘বাবর কি নিজের জন্যই খেলছিল? দেশের জন্য নয়? টিম আগে না বাবর আগে? দেশ কি ওর নীচে? লোকে তোমায় বিশ্বাসঘাতক বলবে যদি তুমি বাবরের সমালোচনা করো। কিন্তু এতদিন ভাল ভাল কথা বলে কী হয়েছে? ও কি কিছু শুনেছে? না শোনেনি।‘
উল্লেখ্য, আজ নয়। দীর্ঘদিন ধরেই ছন্দে নেই পাকিস্তানি ক্রিকেট তারকা। ২০২৩ সালে শেষ ওয়ান ডে সেঞ্চুরি এসেছে। অন্তিম চার ইনিংসে গড় মোটে ৩১। চোটগ্রস্ত সাইম আয়ুবের অনুপস্থিতিতে ওপেনে নেমেছেন বাবর আজম। পছন্দের মিডল অর্ডারে নামতে পারছেন না বলেই কি এতটা ছন্দহীন পাক ব্যাটসম্যান? কারণ যাই হোক, ওয়াসিম আক্রম সাফ জানিয়েছেন, তিনি তাঁর দলের ওপেনারকে ৯০ বলে ৬০ রান করতে দেখতে চান না। বদলে ৩০ বলে ৩৫ করে আউট হয়ে গেলেই তিনি খুশি হবেন। সাফ দাবি আক্রমের।