দ্য ওয়াল ব্যুরো: নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে টেনিস বিশ্ব। রবিবার ইউ এস ওপেনের ফাইনালে খেলবেন জার্মানির আলেকজান্ডার জভেরেভ ও অ্স্ট্রিয়ার ডমিনিক থিম। এর আগে রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচদের টক্কর দিয়ে মারিন চিলিচ ২০১৪ সালে এই ইউ এস ওপেনেই খেতাব পেয়েছিলেন। সেই স্মৃতি ফের ফিরছে।
চোটের কারণে ফেডেরার খেলেননি। নাদাল আসেননি করোনা পরিস্থিতির কারণে। আর জকোভিচ বাতিল হয়েছিলেন লাইন বিচারককে বল দিয়ে আঘাত করার জন্য। দ্বিতীয় রাউন্ডে হেরেছেন অ্যান্ডি মারে।
সেমিফাইনালে দুই সেট হেরে ম্যাচ জয় প্রসঙ্গে বলেছিলেন, ‘‘ম্যাচের মধ্যে স্কোরবোর্ডে তাকিয়ে দেখছিলাম, আমি আসলেই দুই সেটে পিছিয়ে আছি! আমার বিশ্বাসই হচ্ছিল না ব্যাপারটা। একটা গ্র্যান্ড স্ল্যামের সেমিতে খেলছি যেখানে আমার ফেবারিট থাকার কথা, সেখানে কি না আমি দুই সেটে পিছিয়ে আছি! কোনো সুযোগই দেখছিলাম না নিজের। এতটাই বাজে খেলছিলাম।’’
এবার শিরোপা জয়ের পথে জভেরেভের বাধা ডমিনিক থিম। দুজনের মধ্যে অপেক্ষাকৃত অভিজ্ঞই বলা চলা তাঁকে। এর আগে তিনবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলা এই অস্ট্রিয়ান তারকা শিরোপার স্বাদ পাননি কখনই।
২০২০ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জকোভিচের কাছে হেরেছিলেন, আগের দুই বছরের দুই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছিলেন নাদালের কাছে। এই দুই ফাইনালি্স্টের মধ্যে মোট নয়বার দেখা হয়েছে, তার মধ্যে সাতবার জিতেছেন থিম, জভেরেভ দুবার। সেক্ষেত্রে ফের থিমের তান্ডব দেখা গেলে বলার কিছুই নেই।
কারণ শেষ চার বারের সাক্ষাতে জভেরেভকে তিনবারই হারিয়েছেন থিম। তাই ইউ এস ওপেনে জজেরেভ খেতাব পেলে সেটি অবাক করার মতোই হবে।