
শেষ আপডেট: 15 January 2024 20:21
দ্য ওয়াল ব্যুরো: দিয়েগো মারাদোনার মৃত্যু রহস্য রয়েই গিয়েছে। গত তিনবছর ধরে চলছে শুধুই নানা কানাঘুষো। এবার ফুটবল কিংবদন্তির ছেলে জুনিয়র মারাদোনা বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর বাবাকে খুন করা হয়েছে। শুধু তাই নয়, বাবার হত্যাকারী কে সেটিও তিনি নাকি জানেন। কিন্তু সেই নাম তিনি জানাতে চান না।
আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের মৃত্যু নিয়ে নানা কথা চালু রয়েছে। বলা হয়েছিল, মারাদোনার চিকিৎসা যথাযথ হয়নি, সেই কারণেই তিনি শেষ মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। এমনকী তাঁর পরিবারের বিরুদ্ধেও তদন্ত করা হয় বুয়েনস আয়ার্স পুলিশের তরফে। তাতে কিছু পাওয়া যায়নি। মারাদোনার ছেলে অবশ্য জানিয়েছেন, তাঁর বাবাকে খুন করা হয়েছে সম্পত্তির কারণেই। তাঁর বিপুল সম্পত্তি আত্মসাৎ করার কারণেই তাঁকে মেরে ফেলা হয়েছে।
জুনিয়র মারাদোনা বলেন, ‘বাবার মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওরা আমার বাবাকে মেরে ফেলেছে। আমি তাকে চিনি, কিন্তু নাম আমি বলতে চাই না। আমাদের দেশের বিচার ব্যবস্থা নিয়ে আমার আস্থা রয়েছে। আমি জানি দোষী একদিন ধরা পড়বেই। আমি অন্তত এই অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাব।’
দিয়েগো পুত্র জানান, আমি বাবা ছাড়া একেবারেই অসম্পূর্ণ। আমার মাঝেমধ্যে বড় একা লাগে। বাবাকে সারা বিশ্ব ভালবাসে, সেটি জেনেই তৃপ্ত বোধ করি। তবে আমি লড়াই চালিয়ে যাব। যতদিন না দোষী ধরা পড়ে, আমার লড়াই চলবে।