
শেষ আপডেট: 17 February 2024 15:43
দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়ি থেকে চুরি গিয়েছিল দামী মোবাইল। সেই চুরির কিনারা এখনও হয়নি। তার মধ্যেই যুবরাজ সিংয়ের চন্ডীগড়ের বাড়ি থেকে খোয়া গিয়েছে অমূল্য সামগ্রীর।
চন্ডীগড়ের এমডিসি সেক্টর ফাইভেই বিলাসবহুল বাড়ি যুবরাজের। ওই বাড়িতে থাকেন যুবরাজের মা শবনম সিং। ওই বাড়ি থেকেই চুরি হয়ে গিয়েছে নগদ ৭৫ হাজার টাকা ও অনেক সোনাদানা।
এই ঘটনায় বাড়িতে পুলিশও এসেছে। যুবরাজের মায়ের সন্দেহ বাড়ির দুই কাজের লোক ললিতা দেবী সাকেত এবং রাধুঁনী শিলদার পলকে। মা শবনম বিষয়টি ভারতের নামী ক্রিকেটারকেও ফোন করে জানিয়েছেন।
২০২৩ সালের অক্টোরব থেকে গুরগাঁওতে নিজেদের আদি বাড়ি থেকে এসে এমডিসিতে থাকছেন যুবির মা। ভারতের নামী প্রাক্তন অলরাউন্ডারও মাঝেমধ্যে এই বাড়িতে আসেন মায়ের সঙ্গে দেখা করতে।
ষড়যন্ত্র করেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করে যুবরাজের মা। তিনি মিডিয়াকে জানান, ললিতা দেবী এবং শিলদার পল আচমকা তাদের বাড়ি থেকে কাজ ছেড়ে দিয়ে নিজেদের গ্রামের বাড়ি চলে গিয়েছেন। তাই আরও সন্দেহ দানা বেঁধেছে।
এই ঘটনায় ওই দুই পরিচারিকার খোঁজে তল্লাশি চালাবে পুলিশ এবং তাঁদের সঙ্গে প্রয়োজনে কথাও বলবে তারা। ইতিমধ্যেই যুবির মা স্থানীয় থানায় চুরির অভিযোগ করে ডায়েরিও করেছেন।