
লর্ডস ক্রিকেট স্টেডিয়াম
শেষ আপডেট: 1 May 2025 14:51
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (2026 Female T-20 World Cup) ফাইনাল (Final) হবে ৫ জুলাই (5 July)। টুর্নামেন্ট শুরু (Start) হবে ১২ জুন (12 June)। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জুলাই লন্ডনের আইকনিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lords Cricket Ground)। এমনটাই আজ জানিয়েছে আইসিসি (ICC)। পাশাপাশি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বার্মিংহামের এজবাস্টন, সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোল, লিডসের হেডিংলি, ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড, লন্ডনের কেনিংটন ওভাল এবং ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ড হল টুর্নামেন্টের অন্যান্য ভেন্যু।
বৃহস্পতিবার লর্ডসে এক অনুষ্ঠানের মাধ্যমে ভেন্যু এবং তারিখ ঘোষণা করা হয়। চ্যাম্পিয়নশিপে ৩৩টি ম্যাচ ২৪ দিন ধরে অনুষ্ঠিত হবে। আসন্ন বিশ্বকাপে ১২টি দল অংশগ্রহণ করবে, যা প্রতিযোগিতার যেকোনও সংস্করণে সর্বোচ্চ। লর্ডসে ২০১৭ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর আরও একটি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে।
ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ইতিমধ্যেই মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের স্থান নিশ্চিত করেছে। অন্যান্য দলগুলিকে আগামী বছর অনুষ্ঠিতব্য বাছাইপর্বের মাধ্যমে নির্বাচন করা হবে।
আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, “২০২৬ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ভেন্যুগুলির স্বীকৃতি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই টুর্নামেন্ট বিশ্বের সেরা খেলোয়াড়দের একত্রিত করবে দক্ষতা, মনোবল এবং ক্রীড়ানুরাগের উদযাপনে। ব্রিটেনের সমৃদ্ধ বৈচিত্র্য সর্বদা সমস্ত দলের প্রতি আবেগপূর্ণ সমর্থন দেখিয়েছে, যা আমরা অতীতের ইভেন্টগুলিতেও দেখেছি। ২০১৭ সালে লর্ডসে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল মহিলাদের ক্রীড়াক্ষেত্রে উত্থানে একটি মাইলফলক হিসাবে রয়ে গিয়েছে, এবং ফাইনালের জন্য এর চেয়ে উপযুক্ত মঞ্চের কথা আমি ভাবতে পারি না।”
১২টি দলকে ছয় দলের দু’টি গ্রুপে ভাগ করা হবে, তারপরে নকআউট পর্ব এবং গ্র্যান্ড ফিনালে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ২০২৪ অক্টোবরে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে লরা ওলভার্ডের দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে পরাজিত করেছিল কিউয়িরা। তবে ভারতের কাছে খেতাব এখনও অধরা। এখন পর্যন্ত মাত্র একবার টি-টোয়েন্টি বিশ্বাকাপের ফাইনালে উঠতে পেরেছিল ভারত। ২০২০ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ৮৫ রানে হেরে গিয়েছিল ভারত। গতবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিন স্মৃতি, হরমনপ্রীতদের।