
শেষ আপডেট: 9 August 2022 17:42
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে পেশাদার টেনিসকে (Tennis) বিদায় জানাতে চলেছেন (Retirement) কিংবদন্তি টেনিস তারকা সেরেনা উইলিয়ামস (Serena Williams)। আজ মঙ্গলবার, সোশ্যাল মিডিয়া পোস্টে তেমনই ইঙ্গিত দিয়েছেন ২৩ বারের গ্র্যান্ডস্লাম (Grand Slam) বিজয়ী।
২০২২ সালের শেষে গ্র্যান্ডস্লাম ইউএস ওপেন খেলা শেষ হলেই টেনিসকে বিদায় জানাতে চলেছেন বলে জানিয়েছেন সেরেনা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ৪০ বছর বয়সি টেনিস তারকা লিখেছেন, ‘জীবনে এমন সময় আসে, যখন আপনাকে অন্যভাবে ভাবতে হয়। ভালবাসার জিনিস ছেড়ে অন্য সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। টেনিস আমি সবসময়ই উপভোগ করি। কিন্তু এখন কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মাতৃত্বের উপরেই আমি এখন জোর দিচ্ছি, নতুন কিছু আবিষ্কারে মন দিচ্ছি।’ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নিজের সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন সেরেনা।
১৯৯৫ সালে পেশাদার টেনিসে হাতেখড়ি সেরেনার। এখনও পর্যন্ত মহিলাদের সিঙ্গলসে মোট ২৩টি গ্র্যান্ডস্লাম রয়েছে তাঁর ঝুলিতে। এবারের ইউএস ওপেনে জিতলেই ছুঁয়ে ফেলবেন মার্গারেট কোর্টের রেকর্ড। বর্তমানে ডব্লু টিএ আয়োজিত টরন্টো টুর্নামেন্টে অংশ নিয়েছেন সেরেনা। প্রায় দেড় বছর পর হার্ডকোর্টে ফিরে প্রতিদ্বন্দ্বী নুরিয়া দিয়াজকে হারিয়ে ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন তিনি।
২৩তম গ্র্যান্ডস্লামটি সেরেনা জিতেছিলেন ২০১৭ সালে। নিজের বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি। গর্ভবতী অবস্থাতেই খেলে এবং জিতে নজির তৈরি করেছিলেন তিনি। তারপরেই জন্ম হয় কন্যা অলিম্পিয়ার। কেরিয়ারে সাফল্যের শিখরে পৌঁছানোর পর মেয়েকে বড় করাতেই যে এখন তিনি মন দিতে চলেছেন, তা স্পষ্ট হয়ে গেল আজ।
আম্পায়ার রুডি কোয়ের্টজেন প্রয়াত গাড়ি দুর্ঘটনায়, সৌরভকে বাঁচিয়েছিলেন একবার