
শেষ আপডেট: 29 December 2023 15:53
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার মাটিতে 'টেস্ট সিরিজ' জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল ভারতের। দুই টেস্টের সিরিজে প্রথম ম্যাচে রোহিত শর্মাদের ছাপিয়ে যায় প্রোটিয়ারা। তেম্বা বাভূমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সিরিজে এগিয়ে গেল। কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচে সেই বাভূমাকেই পাবে না দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট ম্যাচ শেষ হয়ে যায় মাত্র তিনদিনেই। ভারত হেরে যায় ৩২ রান ও এক ইনিংসে। এই লজ্জাজনক হারের জেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় অনেকটাই নীচে নেমে গেল ভারত। প্রোটিয়াদের আগুনে বোলিং আক্রমণে দুটো ইনিংসেই রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে টিম ইন্ডিয়া। রোহিতদের হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষে উঠে আসে বাভূমার দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়ানে প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময়ই হ্যামস্ট্রিংয়ে মারাত্মক চোট পান প্রোটিয়া অধিনায়ক। পরে আর তাঁকে সেভাবে মাঠে দেখা যায়নি। প্রথম টেস্ট শেষ হতেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না বাভূমা। চিকিৎসকরা তাঁকে কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন।
বাভূমার পরিবর্তে কেপটাউনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার ডিন এলগার। এটাই এলগারের ক্রিকেট জীবনের শেষ টেস্ট ম্যাচ। ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই তিনি ঘোষণা করেছিলেন, এটাই তাঁর টেস্ট কেরিয়ারের শেষ টেস্ট সিরিজ হতে চলেছে। সিরিজ শেষেই অবসর নেবেন তিনি। ক্রিকেট জীবনের শেষ টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন এলগার।
২০১২ সালে লাল বলের ক্রিকেটে অভিষেক হয় এলগারের। ১১ বছরের কেরিয়ারে ৮৫টি টেস্ট ম্যাচ খেলেছেন এই তারকা ক্রিকেটার। তাঁর ঝুলিতে আছে ৫ হাজারের বেশি রান। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ১৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এলগার। পেয়েছনে ম্যাচ সেরার পুরস্কারও।