
ম্যাক্সওয়েল ও কোহলি।
শেষ আপডেট: 24 June 2024 14:41
দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে সোমবার খেলতে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারতের কাছে এই ম্যাচ যতটা না গুরুত্বপূর্ণ, তারচেয়ে বেশি কঠিন চ্যালেঞ্জ অজিদের কাছে। চলতি আসরে অস্ট্রেলিয়া ভাল ছন্দে রয়েছে বলা যাবে না। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে তারা জিতেছে, না হলে হার সঙ্গী হয়েছে।
সেদিক থেকে ভারতীয় দলের কাছে এই ম্যাচ সহজ পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা শেষ পাঁচ ম্যাচ জিতেছে। মেগা আসরে দুরন্ত ফর্মে রোহিতরা। ভারতীয় দলের মধ্যে এতটাই ভারসাম্য যে, ব্যাটিং ক্লিক না করলে বোলিং কিংবা ফিল্ডিং দিয়ে বাজিমাত করছে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে থাকা দল। জিতলেই রোহিতদের শেষ চার পাকা, অজিদের ক্ষেত্রেও তাই, তবে তাদের তাকিয়ে থাকতে হবে আফগানিস্তানের দিকেও।
তারওপর এই ম্যাচটি ভারতের কাছে মধুর প্রতিশোধ নেওয়ারও বিষয় রয়েছে। ৫০ ওভারের ওয়ান ডে বিশ্বকাপে ভারত ফাইনালে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। তাই এই ম্যাচ জেতা মানে ভারতীয় শিবিরে প্রবেশ করবে একঝলক টাটকা বাতাস। এমনিতেই গত বাংলাদেশ ম্যাচে জয়ের কারণে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে রোহিতের দল। অজিদের বিরুদ্ধে হারলে অবশ্য জটিল অঙ্কের আবর্তে চলে যাবে দল। সেটি চাইছেন না অধিনায়ক রোহিত। তাই ম্যাচের আগে জানিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা অলআউট খেলব।
অলআউট খেলতে নামা মানে আরও আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে নামবেন দেশের ক্রিকেটাররা। কোহলি ও রোহিত ওপেনিংয়ে দু’জনে মিলে রান পাচ্ছেন না। কোহলি রানের মধ্যে থাকলেও দলনেতার ব্যাট এখনও গর্জে ওঠেনি। তাই রোহিতের রানে ফেরার অপেক্ষায় দল। পাশাপাশি দল কী হবে, সেই নিয়েও জল্পনা চলছে। গত ম্যাচে শিবম দুবে রান পাওয়ায় তাঁর বাদ যাওয়ার সম্ভাবনা কম। তবে বোলিংয়ে চাহাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে, সেক্ষেত্রে কি বসবেন অক্ষর প্যাটেল না রবীন্দ্র জাদেজা?
অস্ট্রেলিয়া শিবিরে একটা স্থান নিয়ে আলোচনা চলছে। স্পিনার অ্যাস্টন অ্যাগর খেলতে পারেন পেসার মিচেল স্টার্কের জায়গায়। শেষ ম্যাচেও স্টার্ক খেলেননি। সেই জন্যই এই অঙ্ক সামনে রেখে অজিরা মাঠে নামবেন।
সেন্ট লুসিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এই মাঠের পিচ ব্যাটসম্যান সহায়ক। যে দল আগে ব্যাটিং করবে, তাদের জন্য আদর্শ স্কোর হতে পারে ২১০ রান।