
ভারতের বর্তমান টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন রোহিতের ভারত।
শেষ আপডেট: 8 July 2024 15:13
দ্য ওয়াল ব্যুরো: এমন বৈপরিত্য পুরস্কার অর্থমূল্য নিয়ে কথা হচ্ছে ভারতীয় ক্রিকেটে। ১৯৮৩ সালে ভারত প্রথম বিশ্বকাপ জিতেছিল কপিল দেবের নেতৃত্বে। তারপর ২৮ বছর পরে ২০১১ সালে এম এস ধোনির ভারত ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়।
সেই শেষ, তারপর ১৩ বছরের খরা চলছিল। সেটি ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের মাঠে টি ২০ বিশ্বকাপ জিতে পূরণ করেছেন রোহিত-বিরাট কোহলিরা। ৪০ বছর আগে কপিলের দলকে ভারতীয় বোর্ড আর্থিক পুরস্কার হিসেবে দেয় ব্যক্তিগত ২৫ হাজার টাকা।
এখানেই বড় প্রশ্ন। এবার টি ২০ বিশ্বকাপ জয়ের পরে ভারতীয় বোর্ড পুরো দলের জন্য মোট ১২৫ কোটি টাকা পুরস্কার অর্থ ঘোষণা করেছে। প্রতিটি সদস্য পাবেন পাঁচ কোটি টাকা করে। পাশাপাশি সাপোর্ট স্টাফ ও রিজার্ভ ক্রিকেটারদের জন্য বরাদ্দ এক কোটি টাকা। কোচ রাহুল দ্রাবিড়কেও দেওয়া হবে পাঁচ কোটি টাকা।
অথচ কপিলের দলের সদস্যদের দেওয়া হয়েছিল মাত্র ২৫ হাজার। সেই কারণেই লতা মঙ্গেশকর সেবার দিল্লিতে ভারতীয় দলের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলেন। মোট ২০ লাখ টাকা ওঠে ওই অনুষ্ঠান থেকে, যা দলের প্রতিটি সদস্যের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ওই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন বোর্ড সভাপতি রাজ সিং দুঙ্গারপুর।
সোমবার কপিলের দলের এক সদস্য (নাম প্রকাশ করেননি) বোর্ডকে চিঠি দিয়ে জানিয়েছেন, ‘‘এবারের দল যদি ১২৫ কোটি টাকা পেতে পারে, আমাদের দল কী দোষ করল? কেন তাদের আর্থিকভাবে বঞ্চিত রাখা হবে? কারণ তাদের সেবারের পুরস্কার অর্থমূল্য ছিল মাত্র ২৫ হাজার।’’
১৯৮৩ সালে বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য রজার বিনি আবার বোর্ডের বর্তমান সভাপতিও। তাঁকেও একই চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে। সবথেকে বড় কথা, ওই প্রাক্তন লিখেছেন, ওই দলের চার-পাঁচজন ক্রিকেটারই করেকর্মে খাচ্ছেন। কেউ কোচের পদে রয়েছেন, আবার কেউ ধারাভাষ্য দিচ্ছেন। বাকিদের অবস্থা ভাল নয়, ভাল করে সংসার চালাতেই সমস্যা। তা হলে তাঁদের জন্য কেন ভাবা হবে না? প্রশ্ন নামপ্রকাশে অনিচ্ছুক ওই প্রাক্তন তারকার।