
ভারত ও আমেরিকার লড়াই টি ২০ বিশ্বকাপে।
শেষ আপডেট: 12 June 2024 16:35
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার নিউইয়র্কে টি ২০ বিশ্বকাপের তৃতীয় ম্যাচটি খেলতে নামছে রোহিত শর্মার ভারত। গত দুটি ম্যাচে আয়ারল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়ে বুধবার জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া। ম্যাচ শুরু ভারতীয় সময়ে রাত আটটা থেকে।
এই ম্যাচে ভারতীয় দলের মোকাবিলা মিনি ভারতের বিরুদ্ধে। কারণ আমেরিকা ক্রিকেট দলে ভারতীয়দের ভিড় বেশি। দলের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল থেকে শুরু করে দলের নামী অলরাউন্ডার সৌরভ নেত্রাভালকরও এই দলের শক্তি। এছাড়াও দলে রয়েছেন আলি খান, হরমিত সিং, যশদীপ সিং, নীতিশ কুমার, মিলিন্দরা। যাঁদের শিকড় ভারতেই, তাঁদের পূর্বপুরুষরা ছিলেন ভারতের বিভিন্ন রাজ্যে। কারও আদি বাড়ি পাঞ্জাবে, কারও জলন্ধরে, কারও ছোটবেলা কেটেছে দিল্লিতে। তারপর ব্যবসার কাজে, কিংবা চাকরি সূত্রে আমেরিকায় চলে গিয়েছেন। সেই ক্রিকেটাররাই খেলবেন ভারতের বিরুদ্ধে।
হর্ষ ভোগলে কিংবা রবি শাস্ত্রীর মতো বিশেষজ্ঞরাও বলছেন, ভারতের কাছে এই ম্যাচটি কঠিন হবে সন্দেহ নেই, কারণ যে সব তরুণ ক্রিকেটাররা রোহিতদের বিরুদ্ধে খেলবেন, তাঁরা নিজেদের প্রমাণের চেষ্টা করবেন।
আমেরিকা দলের ভরসা সৌরভের কথাই বিশেষভাবে বলা যেতে পারে। যাঁকে একসময় মুম্বই দলেও স্থান দেওয়া হয়নি। তিনি অনূর্ধ্ব ১৯ ভারতের বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন। তারপর বাবার ব্যবসার সূত্রে চলে যান নিউইয়র্কে। সৌরভ নিজেও একজন কৃতি সিভিল ইঞ্জিনিয়ার। তিনি চলতি আসরে চমক দেখাচ্ছেন ব্যাটিং ও বোলিংয়ে।
রোহিত-কোহলিদের কাছেও এই ম্যাচের গুরুত্ব রয়েছে। নাসাউ স্টেডিয়ামের পিচে অসমান বাউন্স রয়েছে। কোনও বল আসছে গড়িয়ে, আবার কোনও ডেলিভারিতে বাউন্স হচ্ছে বুক সমান উচ্চতায়। যে কারণে রান করা ব্যাটারদের কাছে চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। গত পাক ম্যাচেও ভারতের ব্যাটিং ব্যর্থ হলেও বোলিংয়ে বাজিমাত করেছে। সেই কারণেই পাক দলকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে আমেরিকার বিরুদ্ধে নামছেন বুমরা, সিরাজরা।
এই ম্যাচেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। নিউইয়র্কের আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, খেলার প্রথম ইনিংসেই বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে টস জিতে ফিল্ডিং নিলে ভাল হবে, তেমনটাই বলেছেন গাভাসকাররা। কারণ বৃষ্টি ভেজা পিচে বুমরা, অর্শদীপদের বোলিং বিপক্ষ দলের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।