
শেষ আপডেট: 20 January 2024 12:02
দ্য ওয়াল ব্যুরো: আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের স্পনসর হল টাটা গোষ্ঠী। তারা ভারতীয় ক্রিকেট বোর্ডকে বছরে দেবে ৫০০ কোটি টাকা। এমনকী তারা যদি পাঁচবছর পরেও থাকতে চায়, সেই নিয়ে কথাও বলবেন বোর্ড কর্তারা।
একটা বিষয় নিশ্চিত ছিল যে, টাইটেল স্পনসর হিসেবে আর কোন চিনা গোষ্ঠীকে ভারতীয় বোর্ড মান্যতা দেবে না। সেইসময়ই টাটার প্রবেশ, সেটাই দীর্ঘস্থায়ী হতে চলেছে।
আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার জন্য নিলামের দরপত্র ভারতীয় বোর্ডের তরফে কয়েকদিন আগেই ডাকা হয়েছিল। যাতে অংশগ্রহণ করেছিল টাটা, আদিত্য বিড়লার মতো বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীরা।
২০২৪-২৮ এই পাঁচবছর টাইটেল স্পনসর হওয়ার লড়াই টানটান ছিল। মূলত লড়াই ছিল টাটা গোষ্ঠী এবং আদিত্য বিড়লা গোষ্ঠীর। দুই গোষ্ঠীর তরফে পাঁচ বছরের জন্য ২৫০০ কোটি টাকার বিড করা হয়। প্রতি বছর ৫০০ কোটি টাকা দেবে বোর্ডকে। টাটা গোষ্ঠীর কর্তাদের গ্রহণযোগ্যতা ভাল লেগে যায় বোর্ডের।
এমনকী এও বলা হয়, শুক্রবার বিকেলের মধ্যে দরপত্র অনুযায়ী ৫০০ কোটি টাকার বিড করতে হবে, সেটি করে শেষ ল্যাপে বাজিমাত করে রতন টাটার সংস্থা।