
তামিম ইকবাল
শেষ আপডেট: 24 March 2025 16:24
দ্য ওয়াল ব্যুরো: মাঠে নামার আগে হৃদরোগে আক্রান্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। রাখা হয়েছে সিসিইউতে। বেশ কয়েকটি পরীক্ষার পর ধরা পড়েছে ব্লক। পরানো হয়েছে রিং।
আজ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে মহামেডান বনাম শাইনপুকুরের ম্যাচ ছিল। সেই ম্যাচের আগে টসে অংশ নেন তামিম। এরপর ফিল্ডিং করার আগে দলের বাকিদের সঙ্গে ড্রেসিংরুমে প্রস্তুতি নিচ্ছিলেন৷ তখনই আচমকা বুকে ব্যথা অনুভব করেন তিনি৷ তাঁকে ঢাকায় উড়িয়ে নিয়ে যেতে প্রথমে একটি হেলিকপ্টার আনা হয়। কিন্তু অসুস্থতা এতটাই গুরুতর হয়েছিল যে, ওঠানো যায়নি। পরে নিয়ে যাওয়া হয় কেপিজে স্পেশালাইজড হাসপাতালে৷
সূত্রের খবর, ইতিমধ্যে অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্ট এবং স্টেন্ট করা হয়েছে। ব্লকেজ দূর করতে বসানো হয়েছে রিং৷ দেখভালের দায়িত্বে রয়েছেন কার্ডিওলজিস্ট মনিরুজ্জামান মারুফ। আপাতত ক্রিটিকাল কেয়ার ইউনিট (সিসিইউ)-তে রাখা হয়েছে তামিমকে।
এদিকে প্রাক্তন সতীর্থের আচমকা হার্ট অ্যাটাকের খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় সুস্থতা কামনায় পোস্ট করেছেন মাশরাফি বিন মুর্তাজা। লিখেছেন, ‘আল্লাহ তোমার সহায় হোন। দ্রুত সুস্থ হয়ে ফিরে এসো।’ তামিম এক সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে মাঠে নেমেছেন। একদা সহযোদ্ধার কল্যাণ কামনায় নাইট শিবিরের তরফ থেকে বলা হয়েছে, ‘দ্রুত সেরে ওঠো তামিম৷ ক্রিকেটবিশ্ব তোমার জন্য প্রার্থনা করছে।’ বার্তা দিয়েছেন তাসকিন আহমেদও, ‘ঢাকার সাভারে বিকেএসপিতে একটি ম্যাচ চলার সময় তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে পড়েন৷ তাঁর অবস্থা অবনতির দিকে৷ এখন লাইফ সাপোর্টে আছেন৷ আল্লাহ যেন তাঁকে সুস্থ করে তোলেন।’
শেষ পাওয়া খবরে তামিমের জ্ঞান ফিরেছে। পরিবার ও চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন। কেপিজে হাসপাতালের চিকিৎসক দেবাশিস চৌধুরি জানান, আগামি ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়পর্ব তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।