
শেষ আপডেট: 6 October 2023 15:04
দ্য ওয়াল ব্যুরো: ভুল করে ক্ষমা চাইলেন বাংলার নামী অ্যাথলিট স্বপ্না বর্মন। গেমসে হেরে তিনি সতীর্থের নারীত্ব নিয়ে প্রশ্ন তুলে পদক ফেরত চেয়েছিলেন।
এর আগেও একাধিকবার নানা অভিযোগ করেছিলেন জলপাইগুড়ির মেয়েটি। তিনি একবার বলেছিলেন, ‘আমি রাজবংশী বলে আমাকে বারবার উপেক্ষিত ও অপমানিত হতে হয়।’
সেই নিয়েও বিতর্ক হয়েছিল। রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে জানান তাঁকে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও জমি দেওয়া হয়নি। ভাইয়ের চাকরি করে দেওয়া হয়নি। অথচ স্বপ্নাকে ফ্ল্যাট দেওয়া হয়েছে। সংবর্ধনা দিয়ে অর্থও তুলে দেওয়া হয় তাঁর হাতে। তাতেও স্বপ্না ক্ষুব্ধ হয়ে বাংলা ছেড়ে চলে গিয়েছেন হায়দরাবাদে।
স্বপ্না এশিয়ান গেমসে এবার পদক হাতছাড়া করে আরও বিরক্ত। তিনি বলেছেন তাঁকে চক্রান্ত করে হারানো হয়েছে। বলেছেন, ‘আমি যার কাছে হেরেছি সেই নন্দিনী আগাসার ট্রান্সজেন্ডার। তিনি আদৌ নারী নন। তাঁর থেকে পদক কেড়ে নিয়ে আমাকে দিয়ে দেওয়া উচিত। কারণ আমি হেপ্টাথেলন ইভেন্টে নন্দিনীর কাছে হেরে চতুর্থ হয়েছি। আমি একজন রূপান্তরিত মহিলার কাছে হেরেছি। গেমসের নিয়ম দেখা হলে পদক আমার হওয়া উচিত। আমাকে সবাই সমর্থন করুন।’
স্বপ্না দেশে ফিরলে বড় শাস্তি পেতে পারেন। তাঁর আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক মঞ্চে স্বপ্নার বক্তব্য ভারতের মর্যাদা ক্ষুন্ন করেছে। তাঁর নামে অভিযোগ করেছেন নন্দিনীও। ফেডারেশনের কাছে নালিশ জানিয়ে নন্দিনী বলেছেন, কেউ আমার নামে এসব কোনওদিন বলেনি। স্বপ্না কেন বলল, আমি জানি না। আমি সত্যিই দুঃখ পেয়েছি এই ঘটনায়। তবে এখন দেশে ফিরতে চাই, কারণ আমার মা অসুস্থ।