
শেষ আপডেট: 17 January 2024 21:43
দ্য ওয়াল ব্যুরো: দুরন্ত সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে টি ২০ সিরিজের শেষ ম্যাচে রোহিতের ব্যাট থেকে এসেছে অপরাজিত ১২১ রান। এমনকী ভারত অধিনায়কের পাশে যোগ্য সঙ্গত রিঙ্কু সিংয়ের। তিনিও করেছেন ৩৯ বলে ৬৯ রান, যার মধ্যে রয়েছে দুটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি।
রোহিতের ১২১ রান এল ৬৯ বল খেলে, রয়েছে দুটি চার ও ছয়টি ছক্কা। ভারত এই দুই ব্যাটারের সৌজন্যে ভারতীয় দল চার উইকেটের বিনিময়ে ২০ ওভারে তুলেছে ২১২ রান।
চলতি সিরিজের প্রথম দুটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন রোহিত। বুধবার সেঞ্চুরি করে দুটি ম্যাচের ব্যর্থতা কাটালেন। টি ২০ ম্যাচে মোট পাঁচটি সেঞ্চুরি করেছেন হিটম্যান। এমন কৃতিত্ব বিশ্বের বাকি ব্যাটারদের নেই। এর আগে চারটি সেঞ্চুরি ছিল সূর্যকুমার যাদবের। রোহিত সেই নজির ছাপিয়ে গিয়েছেন।
টস জিতে ব্যাটিং করতে নেমে ২২ রানেই ৪ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল ভারত। সেখান থেকে রোহিত ও রিঙ্কুর ৯৫ বলে ১৯০ রানের জুটি দলকে অক্সিজেন দিয়েছে। টি ২০ ক্রিকেটে পঞ্চম উইকেটে এটি বিশ্বরেকর্ড জুটি। সবমিলিয়ে এই ফরম্যাটে নবম সেরা জুটি।
এর আগে ফরিদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়েছিল ভারত। যশস্বী জয়সোয়াল (৪) এবং বিরাট কোহলিকে (০) তিনি ফেরান একই ওভারে। দ্রুত ফিরে যান শিবম দুবেও।
এরপর সঞ্জু স্যামসনকে (০) রানের খাতা খোলার আগে ফরিদ সাজঘরে ফেরালে ভারত সমস্যায় পড়ে যায়। সেই অবস্থা থেকে রোহিত ও রিঙ্কুর যুগলবন্দি দলকে পাহাড়প্রমাণ রানে নিয়ে গিয়েছে।