
নিজেদের মধ্যে আলোচনায় নারিন ও রাসেল।
শেষ আপডেট: 23 May 2024 19:38
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ফাইনালের আগে কলকাতা নাইট রাইডার্সের অন্দরমহলের কথা উঠে এসেছে দুই তারকার মুখে। একটি ভিডিওতে দেখা গিয়েছে মাঠের মধ্যেই প্র্যাকটিসের ফাঁকে আন্দ্রে রাসেল ও সুনীল নারিন নিজেদের মধ্যে গল্প করছেন। সেই আলাপচারিতায় তাঁরা বলেছেন দলের ক্রিকেটারদের কার কেমন আচরণ প্রকাশ পায়। মাঠে বিপক্ষ দলের ক্রিকেটারদের স্লেজিং করার বিষয়ে ওপেনার ফিল সল্ট এগিয়ে রয়েছেন।
দলে বেশি মজা করেন, দুই তারকাই স্বীকার করেছেন, রিঙ্কু সিংয়ের কথা। আরও একজনও শিবিরে সবসময় চনমনে থাকেন, তিনি বেঙ্কটেশ আইয়ার। কিন্তু দলের কোনও পার্টিতে সবচেয়ে বাজে নাচেনও বেঙ্কি। দলের মধ্যে স্টাইলিশ ক্রিকেটারের নাম বলতে গিয়ে রাসেল নিজেকেই বেশি এগিয়ে রেখেছেন। তারপরে অবশ্য দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার বেশি স্টাইলিশ তারকা। দলের মধ্যে চুলের স্টাইল সবচেয়ে খারাপ বলতে গিয়ে জানিয়েছেন সুয়াশ শর্মার কথা।
Rapid and fun answers guaranteed when Dre and Sunny are on the mic! ???????? pic.twitter.com/FnkZNc6JMr
— KolkataKnightRiders (@KKRiders) May 23, 2024
কেকেআরে এতদিন খেলার অভিজ্ঞতা কেমন, সেই নিয়ে বলতে গিয়ে নারিন ও রাসেল দুই তারকাই বলেছেন, অবিশ্বাস্য ও অসাধারণ। নারিনের কাছে কেকেআরের সংজ্ঞা, পরিবার এবং ভালবাসা।
কেকেআর নিয়ে কথা বলার মধ্যেই রাসেল একেবারে নারিনকে বলে বসেন, তুমি যদি ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি ২০ বিশ্বকাপে খেলো, তা হলে আমাদের জাতীয় দলের পক্ষে ভাল হতো। আমার অনুরোধ, তুমি অবসর ভেঙে ফিরে এসো।