
Sunil Narine and Andre Russell
শেষ আপডেট: 16 March 2024 17:34
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় আজ সকাল থেকে সূর্য চমকাচ্ছিল! সুনীল নারিন শনিবার সকালে কলকাতায় পা দেওয়ার পরে কেকেআরের তরফে এমন বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি আরও এক ক্যারিবিয়ান আন্দ্রে রাসেলও এলেন একইসঙ্গে।
২২ মার্চ আইপিএল শুরু হবে। তারপরের দিনই কলকাতার ইডেনে কেকেআর নামবে প্রথম ম্যাচ খেলতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ওই ম্যাচে মোটামুটি পুরো দল হাতে পাবেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, সেটি পরিষ্কার। তবে দলের একনম্বর পেসার মিচেল স্টার্ক কবে আসবেন, সেটি বলেনি দল। এমনকী দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার খেলতে পারবেন কিনা, সেই নিয়েও জল্পনা রয়েছে।
শনিবারের বারবেলায় কেকেআরের তরফে সোশাল মিডিয়ায় দুই তারকার শহরে আসার ছবি পোস্ট করা হয়। দুজনকেই উত্তরীয় পরিয়ে বরণ করে নেওযা হয়েছে।
রহস্য স্পিনার নারিনের ছবি পোস্ট করে কেকেআরের তরফে ক্যাপশন করা হয়েছে, কলকাতায় আজ সূর্য চমকাচ্ছে, এলেন সুনীল নারিন।’ এদিকে তারকা অলরাউন্ডার ‘দ্রে রাস’-এর ছবি দিয়ে লেখা হয়েছে, ডেঞ্জ-রাস জোন সক্রিয় হয়ে উঠল আজ থেকে, এসে গিয়েছেন আন্দ্রে রাসেল।
নারিন দিনের পর দিন নাইট দলকে তাঁর স্পিন মন্ত্রে ভরসা দিয়ে যাচ্ছেন। আর রাসেল হলেন বিস্ফোরক তারকা। যিনি যেদিন খেলবেন, সবাই তাকিয়ে দেখবে। তাই কিং খান শাহরুখ এবারও কেকেআর দলে রাসেলকে রেখেছেন।