
গৌতম গম্ভীর ও সুনীল গাভাসকার
শেষ আপডেট: 27 March 2025 12:03
দ্য ওয়াল ব্যুরো: রাহুল দ্রাবিড়ের দেখানো পথই কি অনুসরণ করবেন গৌতম গম্ভীর? বোর্ডের দেওয়া আর্থিক পুরস্কার সমানভাবে ভাগ-বাঁটোয়ারা করে দেবেন সাপোর্ট স্টাফদের মধ্যে? এই নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাসকার।
উল্লেখ্য, টি২০ বিশ্বকাপ জয়ের পর প্রদত্ত প্রাইজ মানি ড্রেসিং রুমে তাঁর সমস্ত সহকর্মীর সঙ্গে সমান ভাগে ভাগ করে নিয়েছিলেন টিম ইন্ডিয়ার তৎকালীন হেড কোচ রাহুল দ্রাবিড়। বিসিসিআই ভারতীয় টিমকে ১২৫ কোটি টাকা পুরস্কার দিয়েছিল। তার মধ্যে কোচ, সহকারী কোচ, ফিজিও, ডাক্তার, অন্যান্য সাপোর্ট স্টাফ ও সর্বোপরি সমস্ত খেলোয়াড়—সকলের ভাগ ছিল। হিসেবমতো, সেখান থেকে ৫ কোটি টাকা পেতেন দ্রাবিড়। আর তাঁর বাকি সহকারীদের জুটত আড়াই কোটি করে। কিন্তু দ্রাবিড় সেই অসম হিসেব মেনে নেননি। নিজের জন্য বরাদ্দ অর্থ কমিয়ে আর্থিক উপহার ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ সকলের মধ্যে সমানভাবে ভাগ করে দেন।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেও ভারতীয় ক্রিকেট দল ৫৮ কোটি টাকা আর্থিক পুরস্কার পেয়েছে। যদিও সেখান থেকে প্রত্যেক খেলোয়াড় ও সমস্ত কোচ কত করে পাবেন, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আর এখানেই প্রশ্ন তুলেছেন গাভাসকার। একটি ওয়েবসাইটে প্রকাশিত কলামে তিনি লেখেন, ‘আইসিসি টি২০ বিশ্বকাপ জয়ের পর বোর্ড প্রাইজ মানি ঘোষণা করেছিল। কিন্তু সেই সময়কার কোচ রাহুল দ্রাবিড়, যিনি আদ্যোপান্ত টিম ম্যান, তাঁর ভাগের বেশি টাকা নিতে অস্বীকার করেন এবং সমস্ত সহকর্মীর সঙ্গে পুরস্কারের অর্থ সমানভাবে ভাগ করে নেন।‘
এরপরই গাভাসকার ছুড়ে দেন আসল প্রশ্ন, ‘দু’সপ্তাহ আগে বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ঘোষোণা করেছে। কিন্তু এখনও আমরা বর্তমান ক্রিকেট কোচের থেকে দ্রাবিড়ের তুল্য কাজ তিনি করবেন কি না—সেই বিষয়ে কিছুই শুনিনি। তাহলে কি এটা মেনে নিতে হবে, এক্ষেত্রে রাহুল খুব ভাল রোল মডেল নন?’
যদিও এই প্রেক্ষিতে বিসিসিআইয়ের পুরস্কার দেওয়ার রীতিকে কুর্নিশ জানিয়েছেন সুনীল। বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড আর্থিকভাবে সমৃদ্ধ। তারা সবার প্রচেষ্টাকে প্রশংসা জানাচ্ছে আর্থিক পুরস্কার দিয়ে—এটা দেখে ভাল লাগছে। পাশাপাশি আইসিসির দেওয়া প্রাইজ মানিও সবাইকে রাখতে বলা হয়েছে।‘
উল্লেখ্য, বিসিসিআইয়ের ক্যাশ প্রাইজ বাবদ দেওয়া ৫৮ কোটি টাকা ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের মধ্যে ভাগ করা হবে।