
শেষ আপডেট: 26 December 2023 12:32
দ্য ওয়াল ব্যুরো: ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি নন ভারতের টেনিস তারকা সুমিত নাগাল। সেই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল ভারতীয় টেনিস দুনিয়ায়। কিন্তু এর জেরে অস্ট্রেলিয়ান ওপেন খেলার সুযোগ তাঁর থেকে কেড়ে নেওয়া হবে তা ভাবতেই পারেননি ভারতীয় এই টেনিস তারকা। সর্বভারতীয় টেনিস সংস্থা জানিয়ে দিয়েছে, ২০২৪ সালে অস্ট্রেলিয়া ওপেনে সুমিত নাগালকে পাঠানো হবে না।
পরের বছর অস্ট্রেলিয়া ওপেনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেওয়ার সুযোগ ছিল সুমিতের কাছে। সেই খবর আগেই মিলেছিল। প্রস্তুতিও নিচ্ছিলেন সুমিত। কিন্তু আচমকাই তাঁর কাছে ফোন আসে সর্বভারতীয় টেনিস সংস্থার তরফে। জানানো হয় অস্ট্রেলিয়া ওপেন খেলবেন না তিনি!
এই খবর পেয়ে দুঃখই পেয়েছেন সুমিত। তাঁর কথায়, 'আমি ডেভিস কাপে খেলব না বলে আমাকে অস্ট্রেলিয়া ওপেনে পাঠানো হবে না। ফোন করে আমাকে এই খবর জানানো হয়েছে। আমি খবর শুনে খুবই মর্মাহত। আশা করছি, এমন অবস্থার উন্নতি হবে। যদি না হয় দ্রুত শেষ হয়ে যাবে ভারতীয় টেনিস।'
আগামী ফেব্রুয়ারি মাসে ইসলামাবাদে ডেভিস কাপ হবে। কিন্তু সেখানে গিয়ে খেলতে রাজি নন সুমিত। এই সিদ্ধান্ত ভালভাবে নেয়নি ভারতীয় টেনিস সংস্থা। এই সংস্থার সচিব জানান, 'দেশের হয়ে না খেলার সিদ্ধান্ত ঠিক নয়। টেনিস সংস্থার পক্ষ থেকে এটা মেনে নেওয়া সম্ভব নয়।' তারপরই অস্ট্রেলিয়া ওপেনে সুমিতকে না পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় টেনিস সংস্থা। ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ড কার্ড খেলার সুযোগ পেয়েছিলেন সুমিত। ২০২৪ সালে সেই সুযোগ হল না।
ইসলামাবাদে খেলতে কেন যেতে চান না সুমিত, তার যুক্তিও দিয়েছিলেন তিনি। তাঁর কথায়, 'আমি ইসলামাবাদে অনুষ্ঠিত ডেভিস কাপ থেকে নাম তুলে নিয়েছি কারণ আমি ঘাসের কোর্টে খেলতে চাই না। এর পিছনে অন্য কোনও কারণ নেই।'