
শুক্রবার ধোনির এক হাতে ছয় মারার ঘটনায় ফের তুমুল আলোড়ন।
শেষ আপডেট: 10 May 2024 23:52
দ্য ওয়াল ব্যুরো: মাহি মার রহা হ্যায়! যেন সেই পরিচিত সংলাপ ফিরছে আইপিএলে। ৪২ বছরের এক পুরনো যোদ্ধার ব্যাটিংয়ে নতুন মহাকাব্য লেখা হচ্ছে বিনোদনের ক্রিকেটে।
ধোনি মাত্র তিন মাস প্র্যাকটিস করে আইপিএলে খেলতে নামেন, নিজেই বলেছিলেন সেই কথা। তারপরেও তিনি যখন নামছেন, দলের হার নিশ্চিত হয়ে যাচ্ছে। তাও তাঁকে নামানো হচ্ছে আট কিংবা নয় ব্যাটিং অর্ডারে। কেন?
৪২ বছরের তারকার ব্যাটিংয়ে যেন ২৪-র তেজ, আর জোর। তিনি শুক্রবার আবার তারমধ্যে মোহিত শর্মার বলে এক হাতে ছয় মেরে শিরোনামে চলে এলেন। এটা কি ধোনির স্পেশাল ছয়? এদিন তিনি করলেন ১১ বলে ২৬ রান, ইনিংসে রয়েছে তিনটি ওভার বাউন্ডারি ও একটি সপাটে চার।
ম্যাচ শেষে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিংকে প্রশ্ন করা হয়, কেন তিনি ধোনিকে এত নিচের দিকে নামাচ্ছেন। চলতি আইপিএলে দেখা গিয়েছে তিনি ব্যাট ধরলেই মারমুখী হয়ে উঠছেন। একটি ম্যাচ জিতিয়েও দিয়েছেন। কিন্তু দলের বাকিদের ব্যর্থতায় যখন হারের মুখে, সেইসময় ধোনির ক্রিজে আসা। সেই নিয়ে ধোনিদের কোচ বলেছেন, ‘‘ধোনিকে আমরা বেশি চাপ দিই না। ওঁর স্বাধীনতাকে আমরা সম্মান করি। আমরা জানি, একটু সুযোগ থাকলেও ধোনি মাঠে নেমে চেন্নাইয়ের জন্য সেরাটা দেবে। তাই আগে নামিয়ে ওঁকে আমরা চাপে রাখতে চাই না। ধোনি খেলুন নিজের আনন্দে।’’
কর্পোরেট ক্রিকেটের মধ্যেও একজনকে ঘিরে এতটা আবেগ, দেখাই যায় না। তাই দল হারবে জেনেও ধোনিকে কোনও সিদ্ধান্ত চাপিয়ে দিতে নারাজ দল কর্তৃপক্ষ। তাই ধোনি নামছেন নিচের দিকে, একেবারেই স্বেচ্ছায়, নিজের মর্জিতে।