
গ্রাফিক্স: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 17 April 2025 16:34
দ্য ওয়াল ব্যুরো: তিনি ক্রিকেটের নিস্পৃহ মুখ। দুর্দান্ত জয়, অল্পের জন্য পরাজয় কোনও কিছুই তাঁর আবেগে আঁচ ফেলে না। দুঃখ-সুখেও তিনি একই রকম অনুদ্বিগ্ন রয়ে যান। যে কারণে বাইশ গজের লড়াইয়ে মহেন্দ্র সিং ধোনি ‘ক্যাপ্টেন কুলে’র তকমা পেয়েছেন।
টিভির পর্দায় কিংবা স্টেডিয়ামে বসে মাহিকে সেভাবে উত্তেজিত হতে দেখা যায়নি। কিন্তু একজন খেলোয়াড় তো তাঁর পুরোটা নিয়ে মাঠে ধরা দেন না। সেটা অর্ধেক। বাকি অর্ধেক সাজঘরের সতীর্থরা দেখতে পান। সেই খবর সেভাবে বাইরে আসে না। পরে কোনও খেলোয়াড় অকপটে স্মৃতিচারণ করলে, পুরনো দিন ফিরে দেখলে সেই ক্রীড়াবিদের অনালোকিত ও অনালোচিত ব্যক্তিত্ব আম অনুরাগীদের নজরে পড়ে।
মাহির চরিত্র ও অধিনায়কত্বের ধরন-ধারন নিয়ে এমনই অদৃষ্টপূর্ব বেশ কিছু তথ্য সামনে এনেছেন তাঁর একসময়ের সহযোদ্ধা, ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার ডোয়েন স্মিথ। জানিয়েছেন, ধোনিকে বার দুয়েক রাগতে দেখেছিলেন। এ ছাড়া বাকি সময় ধীরস্থিরভাবেই দল পরিচালনা করেছেন মাহি।
একটি পডকাস্টে প্রাক্তন ক্রিকেটারের সামনে একগুচ্ছ প্রশ্ন রাখেন সঞ্চালক। প্রথমেই জিজ্ঞেস করা হয়: চেন্নাই না মুম্বই—কোন দলকে এগিয়ে রাখবেন তিনি? আইপিএলে দুটি দলের জার্সি গায়ে মাঠে নেমেছেন স্মিথ। খেতাবও জিতেছেন। কিন্তু সঞ্চালকের সওয়াল শেষ হতে না হতেই তিনি জবাব দেন, ‘চেন্নাই সুপার কিংস।‘
এরপরই স্বাভাবিক প্রশ্ন ছিল: কেন মুম্বই ছেড়ে সিএসকে?
উত্তরে ডোয়েন স্মিথ বলেন, ‘আমি মুম্বইকেও ভালবাসি। কিন্তু চেন্নাইয়ের পরিবেশটাই অন্যরকমের। ধোনি অধিনায়ক হিসেবে সবকিছু সামলাত। প্রতিটি খেলোয়াড়ের খুঁটিনাটি বুঝে নিতে চাইত। যদি ও রেগে যায়, তার অর্থ তুমি নিশ্চয় কোনও ভুল কাজ করেছ।‘
Q: Chennai or Mumbai?
— ` (@WorshipDhoni) April 17, 2025
Dwayne Smith: Chennai ????
Also talked about Dhoni the boss. pic.twitter.com/ivdVJZGxl6
ঠিক এরপর সঞ্চালকের প্রশ্ন, ‘কখনও রাগতে দেখেছেন ধোনিকে?’
উত্তরে স্মিথ বলেন, ‘দু’বার। প্রথমবার ম্যাচ চলাকালীন। অশ্বিনের উপর খাপ্পা হয়ে যায় ধোনি। রুটিন ক্যাচ মিস করেছিল অশ্বিন। তখন তাকে স্লিপ থেকে অন্যত্র দাঁড়াতে বলে। দ্বিতীয়বার রাগতে দেখি হোটেলে। ঠিক সময়ে খাবার আসেনি। তাই বাধ্য হয়ে ধোনি রাগের মাথায় তক্ষুনি ওই হোটেল ছেড়ে অন্য হোটেলে চলে যায়।‘
চলতি আইপিএলে চেন্নাইয়ের হয়েই মাঠে নামছেন ধোনি। দলকে নেতৃত্বও দিচ্ছেন। ব্যাটিং ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও রুতুরাজ গায়কোয়াড় আহত হয়ে চলতি মরশুম থেকে বাদ পড়ায় আপাতত দলের দায়িত্ব সামলাচ্ছেন।